গাড়ি ছিনতাইয়ের সময় তরুণীসহ তিনজন গ্রেপ্তার
মাইক্রোবাস ছিনতাইয়ের সময় তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার সন্ধ্যায় রাজধানীর মালিবাগ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শিল্পী আক্তার ওরফে দোলন, মিলন ও বাদল। গতকাল সোমবার সকালে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁদের হাজির করা হয়। এ সময় ওই তরুণীকে মেয়ে বলে শনাক্ত করতে সবাইকে বেগ পোহাতে হয়।সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম জানান, এই তিনজন যশোর যাওয়ার কথা বলে খিলগাঁও এলাকার একটি রেন্ট-এ কার থেকে মাইক্রোবাসটি ভাড়া নেন। গাড়িটি মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের কাছে এলে তাঁরা চালকের চোখে মলম লাগিয়ে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেন। এ সময় চালক চিৎকার শুরু করলে টহলরত ডিবি পুলিশের একটি দল এগিয়ে আসে। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল ওই গাড়িটি ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে নিক্স, টাইগার বামসহ চোখ জ্বলে, এমন বিভিন্ন ধরনের মলম ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়। এ সময় একজন ছিনতাইকারী পালিয়ে যায়।উপকমিশনার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মলম পার্টির সদস্য। তাঁরা মলম ও অজ্ঞান পার্টির একটি চক্রের হোতা ‘মামা খোকনের’ সহযোগী। তাঁরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে মাইক্রোবাস বা কার ভাড়া করেন। এরপর সুযোগমতো চালকের চোখে মলম বা মরিচের গুঁড়া লাগিয়ে তাঁকে গাড়ি থেকে ফেলে দেন। পরে আবার সেই গাড়িটি ছিনতাইয়ের কাজে ব্যাবহার করেন। বিভিন্ন জায়গা থেকে গাড়িতে যাত্রী তোলেন এবং তাঁদের অর্থকড়ি লুটে নিয়ে সুবিধামতো নামিয়ে দেওয়া হয়।সংবাদ সম্মেলনে হাজির করানো শিল্পীর পরনে ছিল শার্ট ও জিন্সের প্যান্ট। চুল ছোট করে ছাঁটা। দেখে মনে হয় ১২-১৪ বছরের বালক। কোনোভাবেই তাঁকে মেয়ে বলে বোঝা যায় না। ডিবি কর্মকর্তারা জানান, শিল্পী এর আগেও গাড়ি ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন।এ বিষয়ে শিল্পী সাংবাদিকদের বলেন, আগে ছিনতাই করলেও এখন তিনি কোনো অপরাধে জড়িত নন। দুই বন্ধুকে নিয়ে তিনি বিশেষ প্রয়োজনে যশোর যাচ্ছিলেন। পথে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা সাত বোন হওয়ায় ছোটবেলা থেকেই তাঁকে ছেলের পোশাক পরিয়ে রাখা হতো। বড় হয়েও তাঁর এই অভ্যাস রয়ে যায়।