গাড়ি ভাঙচুর মামলায় আটক শিবিরের ১৫ নেতা-কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ছাত্রশিবিরের ১৭ নেতা-কর্মীর মধ্যে ১৫ জনকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার রমনা থানার পুলিশ নেতা-কর্মীদের আদালতে হাজির করে পৃথক দুটি মামলায় রিমান্ডের আবেদন করে।পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জন এবং গাড়ি ভাঙচুর করে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলায় ১৪ জনকে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত দুটি মামলায় এক দিন করে প্রত্যেকের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। ১৭ জনের মধ্যে বাপ্পী ও আশিকুর রহমানের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়নি। একই সঙ্গে মমিনুল করিমের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় রিমান্ড চাওয়া হয়নি।দ্রুত বিচার আইনে করা মামলায় মহানগর হাকিম মো. এরফান উল্লাহ পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।গত শনিবার স্বাধীনতা দিবসে বের হওয়া ছাত্রশিবিরের মিছিলে লাঠিপেটা ও ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর শান্তিনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান প্রথম আলোকে জানান, শিবিরের দুই শতাধিক নেতা-কর্মী শান্তিনগর মোড়ে এসে গাড়ি ভাঙচুর শুরু করেন। এতে পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের চার সদস্য আহত হন। তাঁদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।