রাজধানীর আনারকলি সুপার মার্কেটের গাড়ি রাখার জায়গা দখল করে তৈরি করা হয়েছে অবৈধ দোকানপাট। জায়গার মালিক সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কারা দোকান বসিয়েছে তারা জানে না। দোকানিদের দাবি, স্থানীয় যুবলীগের নেতাদের নিয়মিত ভাড়া দেন তাঁরা। এসব অবৈধ দোকানের কারণে মার্কেটের সামনে এবং পাশে সিদ্ধেশ্বরী রোডটিতে সব সময় প্রচণ্ড যানজট লেগেই থাকে।
দেখা যায়, আনারকলি সুপার মার্কেটের পেছন দিকে গাড়ি রাখার জায়গায় স্থায়ী ও অস্থায়ী দোকান গড়ে উঠেছে। স্থায়ী দোকানগুলোর নাম দেওয়া হয়েছে ‘আনারকলি প্লাস সুপার মার্কেট’। টিনের ছাউনির স্থায়ী দোকানগুলো সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বসানো হয়েছে। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পরে তখনকার পরিচালনা পর্ষদ এসব স্থায়ী দোকানের অনুমতি দিয়েছে বলে স্কুল সূত্রে জানা যায়।
গাড়ি রাখার জায়গায় দোকান দেওয়ায় মার্কেটে গাড়ি রাখার স্থান কমে গেছে। চলাচলের পথও সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে এখানে সারাক্ষণ তীব্র যানজট হচ্ছে। সিদ্ধেশ্বরী রোডটি দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ভিকারুননিসা নূন স্কুলে যাতায়াত করেন। আনারকলি মার্কেটের সামনের যানজটের কারণে পুরো সড়কটি স্থবির হয়ে থাকে। প্রতিদিন স্কুলে যাতায়াত করতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রচণ্ড দুর্ভোগে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, আনারকলি প্লাস সুপার মার্কেটের সামনে বাঁশের গাঁথুনির ওপর পলিথিনের ত্রিপল টানিয়ে, বাঁশের মাচা দিয়ে গড়ে উঠেছে আরও ২০-২৫টি অস্থায়ী দোকান। এমনভাবে দোকানগুলো বানানো হয়েছে যে বাইরে থেকে দেখলে মনে হয়, এগুলোও আনারকলি প্লাস সুপার মার্কেটের অংশ। এসব অস্থায়ী দোকান গড়ে উঠেছে স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অস্থায়ী দোকানি বলেন, তাঁদের কাছ থেকে মাসে ৬-১০ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়। স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মাসুদ রানা এই ভাড়া নেন। মাসুদ রানা স্থানীয় যুবলীগ নেতা এবং সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য গোলাম মোস্তফার লোক বলে পরিচিত।
আনারকলি মার্কেটের পাশের একটি নির্মাণাধীন ভবনের পাশে মাসুদ রানার কার্যালয় বলে ব্যবসায়ীরা জানান। সেখানে গেলে উপস্থিত এক যুবক বলেন, ‘মাসুদ ভাই কখন আসবে ঠিক নাই।’ মাসুদ রানার মুঠোফোন নম্বর চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করেন ওই যুবক।
দোকানের বিষয়ে গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘রাজনীতি করি, অনেককে চিনি। মাসুদ রানাকে চিনি। তবে সে আমার লোক না। দোকানের বিষয়ে আমি কিছু জানি না।’
আনারকলি সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বিভোর চন্দ্র দে বলেন, ‘বাইরে পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা দোকানগুলোর সঙ্গে দোকান মালিক সমিতির কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বলতে পারবে। মার্কেটের দোকানগুলো যাতে বাইরে মালামাল না রাখে, সে জন্য মালিক সমিতির পক্ষ থেকে লাল দাগ দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে কথা বলতে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্সী কামরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদুজ্জামান পার্কিংয়ের দোকানগুলোর বিষয়ে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগের পরিচালনা পর্ষদের সদস্যরা দোকানগুলো বরাদ্দ দিয়ে যান। কিছু দোকান থেকে এক বছর ধরে স্কুল কর্তৃপক্ষ কোনো ভাড়া পাচ্ছে না।’
পলিথিনের ত্রিপল দিয়ে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোর বিষয়ে শেখ ফরিদুজ্জামান বলেন, ‘এগুলো কারা করছে আমরা জানি না। আমরা শিক্ষক। চুপচাপ থাকি। বাইরের বিষয়ে নাক গলাতে যাই না।’