গাড়িচাপায় কনস্টেবল নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গাড়িচাপায় দেলোয়ার হোসেন (৩০) নামের পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। গত বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোহাম্মদপুর থানায় কর্মরত ছিলেন। বুধবার দায়িত্ব পালন শেষে তিনি তাঁর ব্যক্তিগত মোটরসাইকেলে করে দোলাইরপাড়ের বাসায় ফিরছিলেন। দুপুর একটার দিকে যাত্রাবাড়ী এলাকার সিফাত সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত দেলোয়ারের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বাথুলি গ্রামে। নিহত দেলোয়ারের বাবা আবুল বাশার জানান, দেলোয়ার ১৯৯৭ সালে পুলিশ কনস্টেবল পদে যোগদান করেন। গত মাসে তিনি মোহাম্মদপুর থানায় যোগ দেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে জানান, এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।