গাড়িচাপায় হত্যার জন্য চালকের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচাপা দিয়ে কাউকে হত্যা করা হলে সংশ্লিষ্ট চালকের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল রোববার সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানায়।বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এতে বলা হয়, ওই দুজন তাঁদের সৃষ্টিশীল কর্মের ভেতর অমর হয়ে থাকবেন, যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবেন পরবর্তী প্রজন্মকে। বিজ্ঞপ্তিতে আরও যেসব দাবি জানানো হয় তার মধ্যে রয়েছে—অযোগ্য চালকের জন্য যাত্রী নিহত হলে সেই চালক ও অযোগ্য যানবাহনের কারণে মালিকের শাস্তির বিধান রাখা, সরকারের যেসব প্রতিষ্ঠান অযোগ্যদের ড্রাইভিং লাইসেন্স ও অযোগ্য যানবাহন সড়কে চলার অনুমতি দিচ্ছে, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রাখা, সড়কে চলাচলের আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সরকারের যাঁরা ব্যবস্থা নিচ্ছেন না, তাঁদেরও শাস্তির আওতায় আনতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যু নিছক দুর্ঘটনাজনিত নয়, এ এক ধরনের হত্যাকাণ্ড। এর দায় সরকার, বিরোধী দল, পরিবহন বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশ এড়াতে পারে না।শোক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি কবীর চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিজ্ঞপ্তি।