গাড়িচোরের দক্ষতায় বিস্মিত পুলিশ
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা তাঁদের আখ্যায়িত করেছেন ‘হাইটেক গাড়িচোর’ বলে। তাঁরা মানে গত মঙ্গলবার ১০টি দামি গাড়িসহ গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তি। চোরাই গাড়ির কাগজপত্র তৈরি ও গাড়ি বিক্রির ক্ষেত্রে তাঁরা ব্যবহার করেন আধুনিক প্রযুক্তি। পুলিশের দাবি, এর আগে এ রকম প্রযুক্তিজ্ঞানসম্পন্ন চোর গ্রেপ্তার হয়নি।গতকাল বুধবার মহানগর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হাজির করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ি চুরি প্রতিরোধ দল ঢাকা এবং পার্শ্ববর্তী গাজীপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন : ইকবাল হোসেন (২৩), নাদিম (২৭), যুবরাজ ওরফে রনি ওরফে রাব্বি (২৮), খোকন মিয়া (৪০) ও মো. মোস্তফা (৩০)। উদ্ধার করা ১০টি গাড়ির মধ্যে রয়েছে তিনটি টয়োটা ফিল্ডার স্টেশন ওয়াগন, দুটি এক্স করোলা, একটি জি করোলা, তিনটি এফ প্রিমিও ও একটি লেক্সাস হ্যারিয়ার। সব গাড়িই প্রায় নতুন।গতকাল সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে খোকন ছাড়া বাকি চারজনই গত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ছাড়া পেয়েছেন। এর আগে তাঁরা গাড়ি চুরির অপরাধেই ডিবির হাতে ধরা পড়েছিলেন।সন্দেহভাজন এ গাড়িচোরদের দক্ষতার উদাহরণ দিয়ে পুলিশ কর্মকর্তারা বলেন, ‘উদ্ধার করা গাড়িগুলোর মধ্যে কয়েকটি বিক্রি হয়ে গিয়েছিল। ক্রেতাদের কেউ কেউ বিআরটিএ থেকে যাচাই করে দেখেছেন কাগজপত্র আসল। কারণ চোরেরা বিআরটিএ থেকে তথ্য নিয়েই গাড়িগুলোর ইঞ্জিন ও চেসিস নম্বর, গাড়ির নিবন্ধন নম্বর ও আনুষঙ্গিক কাগজপত্র তৈরি করে।’উপকমিশনার বলেন, সাধারণত চোরাই বাজারে একটি ১০ লাখ টাকার গাড়ি মাত্র এক থেকে দেড় লাখে বিক্রি হয়। অথচ এ চোরেরা বিজ্ঞাপন দিয়ে গাড়ি বিক্রি করে আট থেকে নয় লাখ টাকায়।গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডিবির গাড়ি চুরি প্রতিরোধ দলের প্রধান জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মোখলেছুর রহমান বলেন, চোরচক্রের কয়েকজন সদস্য সিএনজি স্টেশন বা পার্কিং এলাকায় অপেক্ষমাণ গাড়ির চালকদের সঙ্গে সখ্য গড়ে তোলে। একসময় তারা টাকার লোভ দেখিয়ে গাড়ি চালানো শিখতে চায়। কিন্তু চালক গাড়ির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ামাত্র গাড়ি নিয়ে হাওয়া হয়ে যায় চোর।মোখলেছুর জানান, যুবরাজ চোরাই গাড়ির সাজসজ্জা বদলে ফেলেন। এরপর একটি ওয়েবসাইটে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। এতে থাকে শুধু একটি মোবাইল ফোন নম্বর ও গাড়ির ছবি। ক্রেতার কাছে নিজেকে গাড়ির মালিক হিসেবে পরিচয় দেন নাদিম। গাড়ি বিক্রির পর ওই ফোনসেট সিমসহ নষ্ট করে ফেলা হয়।যুবরাজ সাংবাদিকদের জানান, গাড়ি চুরির পর তাঁরা বিআরটিএতে পরিচিত দালালদের সঙ্গে যোগাযোগ করেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ওই দালালেরা একই মডেলের অন্য একটি গাড়ির নিবন্ধনের সব তথ্য তাঁদের হাতে তুলে দেয়। সে অনুযায়ী চোরাই গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর বদল করা হয়।পুলিশ বলেছে, আগে গাড়িচোরেরা সাধারণত ঘষামাজা করে চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে। কিন্তু এ ‘ডিজিটাল চোরেরা’ একটি পাতলা লোহার পাতের ওপর নম্বর খোদাই করে তা লোহা জোড়া দেওয়ার আঠা দিয়ে লাগিয়ে দেয়। এদের গ্রেপ্তার করার পরই পুলিশ কেবল জিজ্ঞাসাবাদে তা জানতে পারে।গ্রেপ্তার হওয়া যুবরাজ বলেন, ধোলাইখালের একশ্রেণীর গাড়ি মেরামতকারীর কাছ থেকে তাঁরা এ কৌশল শিখেছেন। তিনি দাবি করেন, ‘গ্যাটিস’ নামে পরিচিত বিআরটিএর একশ্রেণীর দালাল এ কাজগুলো করে। একটি গাড়ির তথ্য দিতে তাঁরা এক থেকে দেড় লাখ টাকা নেন। যুবরাজ বলেন, খরচ কমাতে তাঁরা একই নম্বর ও কাগজ একাধিক গাড়িতে ব্যবহার করেছেন। এ রকম চারটি গাড়ি উদ্ধারও করেছে ডিবি।যুবরাজ ও নাদিম বলেন, বিআরটিএর ‘গ্যাটিস’ ইদ্রিস, রফিক, শাহ আলমসহ কয়েকজন তাদের এ কাজে সাহায্য করেন। এর সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত আছেন কি না তা তাঁরা জানেন না। তবে ডিবি কর্মকর্তাদের সন্দেহ, তথ্য বের করার পেছনে বিআরটিএর কর্মকর্তারা জড়িত থাকতে পারেন।