গাড়ির ইঞ্জিন বদলালে নিবন্ধন করতে হবে
সেপ্টেম্বর মাসের কোনো এক শুক্রবার দুপুরে ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে বেড়াতে যাচ্ছিলেন একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদুর রহমান। মিরপুরের কালশী মোড়ে আসার সঙ্গে তাঁর চালককে গাড়িটি থামাতে বলেন এক ট্রাফিক সার্জেন্ট। দীর্ঘ সময় ধরে গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি। গাড়ি ব্লু বুকসহ কাগজপত্রের ত্রুটি না পেয়ে ওই সার্জেন্ট প্রাইভেট কারের ইঞ্জিন নম্বর যাচাই করেন। এরপর তিনি চালককে বলেন, এই গাড়ির ইঞ্জিন নম্বর ঠিক নেই।
এ সময় মালিক মাসুদুর রহমান সার্জেন্টকে জানান, কয়েক দিন আগে তাঁর গাড়ির ইঞ্জিন সম্পূর্ণ নষ্ট হয়েছিল। তাই নতুন ইঞ্জিন বসানো হয়েছে। ব্লু বুকে নতুন ইঞ্জিন নম্বর সংশোধনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তবু ওই সার্জেন্ট গাড়িটি ডাম্পিংয়ে পাঠানোর উদ্যোগ নেন। তখন মাসুদুর রহমান তাঁর ঊর্ধ্বতন এক ট্রাফিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে গাড়িটি ছাড়িয়ে আনেন।
একই কারণ দেখিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায়ই যানবাহন আটকানো হয়। অনেক সময় মামলা দেওয়া হয়। প্রতিদিনই সকালবেলা ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আলিয়ঁস ফ্রঁসেজের সামনের সড়ক, মিরপুরের শেওড়াপাড়া ট্রাফিক বক্সের সামনে, চন্দ্রিমা উদ্যানের সামনের সড়কগুলোয় যানবাহন নিয়ে ভোগান্তিতে পড়েন এর মালিক ও চালকেরা। বিশেষ করে মোটরসাইকেল, কাভার্ড ভ্যান, একটু পুরোনো প্রাইভেট কারগুলোর কাগজপত্র যাচাইয়ে তৎপর থাকেন ট্রাফিক পুলিশের সদস্যরা। কারণ, পুরোনো গাড়িগুলোর ইঞ্জিন অকেজো হয়ে যাওয়ায় সেটি বদলে ফেলা হয়। ভুক্তভোগীদের মতে, এই সুযোগ নিয়েই তাঁদের যানবাহন আটকানো হয়ে থাকে।
বিআরটিএর তথ্য অনুযায়ী, যেকোনো ইঞ্জিনচালিত যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস, বিমা, বাণিজ্যিক যানবাহন হলে এর রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এসব কাগজ হালনাগাদ থাকলে সমস্যায় পড়তে হবে না। ইঞ্জিন নম্বর পরিবর্তন হলেও সমস্যা হবে না। তবে নতুন ইঞ্জিন স্থাপনের কাজ বিআরটিএর নিয়ম অনুযায়ী করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, তাঁরা সাধারণত ব্লু বুকের সঙ্গে গাড়ির চেসিস নম্বরটি যাচাই করেন। এটি না মিললে মামলা বা ডাম্পিংয়ে পাঠানোর নিয়ম রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত কমিশনার মোসলেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কিছু কিছু ক্ষেত্রে ইঞ্জিন পরিবর্তনের বিধান আছে। এ জন্য বিআরটিএর নির্ধারিত কাগজ পরিবর্তন করতে হয়। ইঞ্জিনের নতুন নম্বর গাড়ির রেজিস্ট্রেশন এন্ট্রি করাতে হয়। এরপর এটি ব্লু বুকে ইঞ্জিন নম্বর সংশোধন করাতে হয়। এই প্রক্রিয়া শেষ করে গাড়ি চালানো যাবে।
বিআরটিএর পরিচালক (অপারেশন) শীতাংশু শেখর বিশ্বাস প্রথম আলোকে বলেন, ক্ষতির কারণ না হলে ইঞ্জিনচালিত কোনো যানবাহন ডাম্পিংয়ে পাঠানো যাবে না। গাড়ির ইঞ্জিন পরিবর্তন করা হলে বা নতুন ইঞ্জিন সংযুক্ত হলে বিআরটিএতে নির্ধারিত ফি প্রদানের নিয়ম রয়েছে। ইঞ্জিন নম্বর নয়, চেসিস নম্বরই বিবেচ্য বিষয়। এ ছাড়া গাড়ির ইনস্যুরেন্সের মেয়াদ থাকলে মামলা দেওয়া যায় না।