গাড়ির ধাক্কায় একজন নিহত কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রোকেয়া সরণি এলাকায় গতকাল সোমবার সকালে গাড়ির ধাক্কায় আবুল বাশার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া গত রোববার রামপুরার বনশ্রী এলাকার একটি বাসা থেকে তানজিমা দোলা (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে জানান, রোকেয়া সরণি এলাকায় গাড়ির ধাক্কায় নিহত আবুল বাশার মিরপুর ১৪ নম্বর এলাকার বাগানবাড়ি বস্তিতে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল ফাহাদ জানান, গত রোববার রাত ১২টার দিকে রামপুরা বনশ্রীর ব্লক-ই এলাকার একটি বাসা থেকে তানজিমা দোলার লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের সদস্যদের দাবি, তানজিমা অভিমান করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে উত্তরার একটি কলেজের ছাত্রী ছিল। বাসা থেকে কলেজ ক্যাম্পাস বেশি দূরে হওয়ায় তাকে ওই কলেজ থেকে নিয়ে আসা হয়। কাছাকাছি কোনো কলেজে ভর্তি হওয়ার কথা ছিল তার। তানজিমার বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী থানার হালিশহরে।