গাড়ির ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট গুরুতর আহত
রাজধানীর পান্থপথে গতকাল মঙ্গলবার সকালে গাড়ির ধাক্কায় রিয়াজুল ইসলাম নামের এক ট্রাফিক সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ গাড়ির চালক আলিউল ইসলামকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সোয়া ১০টার দিকে পান্থপথ মোড়ে দায়িত্ব পালন করছিলেন রিয়াজুল। একদিকে যান চলাচল বন্ধের জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে হাত উঁচিয়ে সংকেত দিতেই একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান তিনি। পরে প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।এদিকে সার্জেন্টকে ধাক্কা দিয়েই গাড়িটি দ্রুত বেগে বসুন্ধরা সিটির ভূগর্ভস্থ পার্কিংয়ে ঢুকে যায়। পরে পুলিশ সেখান থেকে চালক আলিউল ও তাঁর বান্ধবীকে (আরোহী) গাড়িসহ আটক করে।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চালক আলিউল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েন। বসুন্ধরা সিটিতে তাঁর বাবার দোকান আছে। গতকাল ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বান্ধবীকে নিয়ে তিনি গাড়িতে ঘুরতে বের হন।গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, রিয়াজুলের অবস্থা গুরুতর।