গায়ে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
পুরান ঢাকার দয়াগঞ্জে একটি মন্দিরে ঢুকে সোমা রানী (৩৮) নামের এক গৃহবধূ গতকাল বৃহস্পতিবার সকালে নিজের গায়ে কেরোসিন লাগিয়ে আগুন দেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটে চিকিৎসাধীন সোমা রানী প্রথম আলোকে বলেন, তিনি পুরান ঢাকার দয়াগঞ্জ বাজারের পাশে থাকেন। তাকে না জানিয়ে তাঁর স্বামী রতন রাজবংশী ১০ বছর আগে তাঁর ছোট বোনকে বিয়ে করেন। সম্প্রতি তিনি বিষয়টি জানতে পেরে মানসিক অশান্তিতে ভুগতে থাকেন। এ কারণে তিনি গতকাল সকাল ১০টার দিকে বাসার পাশের কালীমন্দিরে গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পারিবারিক সূত্র জানায়, আশপাশের লোকজন টের পেয়ে সোমার শরীরের আগুন নিভিয়ে ফেলেন। পরে তাঁকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, সোমার শরীরের ২৫ শতাংশ পুড়েছে। এ গৃহবধূর পরিবারের সবাই ভারতে থাকেন বলে জানা গেছে।