গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মানিক শিকদার নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পরিবার জানিয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মানিক শিকদারের বাবা মো. সোবহান বলেন, তাঁর ছেলে মাদকাসক্ত ছিলেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তিনি কারাগারে ছিলেন। গত সোমবার ছাড়া পান। গতকাল শুক্রবার রাতে মানিক বাড়িতে মা, বাবা ও বোনকে মারধর করেন। পরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তাঁকে গতকাল দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, মানিকের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।