গায়ে পেট্রল ঢেলে যুবকের আত্মহত্যা
রাজধানীর আগারগাঁওয়ে গতকাল বুধবার সকালে কাওছার আহমেদ (২৮) নামের এক যুবক নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। তিনি একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন।পারিবারিক সূত্র জানায়, কাওছার আহমেদ ২৪২/২৪৩ পশ্চিম আগারগাঁওয়ে তৃতীয় তলায় থাকতেন। গতকাল সকাল ১০টার দিকে শোবার ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে কাওছার নিজ শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মারাত্মক দগ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর সন্ধ্যা সোয়া ছয়টায় তিনি মারা যান।মৃত কাওছারের মা রুনিয়া বেগম বলেন, মঙ্গলবার বিকেলে কাওছার ছোট বোন শারমিন আক্তার ওরফে কেয়ার কাছে তাঁর মুঠোফোন চান। শারমিন ফোন দিতে রাজি না হওয়ায় তাঁদের দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে অভিমান করে নিজ শরীরে পেট্রল ঢেলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, আগুনে কাওছারের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, শরীরে আগুন দিয়ে আত্মহত্যার খবর তাঁর কাছে এসেছে।