গির্জায় শিক্ষকের রহস্যজনক মৃত্যু
রাজধানীর মিরপুরের একটি গির্জায় সুব্রত বৈদ্য (২৪) নামের এক শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার ওই গির্জা থেকে অচেতন অবস্থায় শিক্ষক সুব্রতকে মিরপুর ২ নম্বরে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাটি রহস্যজনক। সুব্রতের বুকে আঁচড়ের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্র জানায়, সুব্রত বৈদ্য মিরপুর মাজার রোড দ্বিতীয় কলোনির মেথডিস্ট চার্চ নামের একটি গির্জার ধর্মীয় শিক্ষক। তিনি ওই গির্জার দ্বিতীয় তলায় থাকতেন। গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নিপা দাস নামের তাঁর এক বান্ধবী এসে দেখে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গির্জার এক কর্মী জানান, সুব্রত গির্জায় একা থাকতেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুসুরিয়া গ্রামে। তাঁর বাবা মৃত সুমায়েল বৈদ্য। তিনি অবিবাহিত ছিলেন।পুলিশ কর্মকর্তারা জানান, গত শুক্রবার দুপুরে সুব্রত গির্জায় ধর্মীয় বিষয়ে শিক্ষা দেন। এরপর কিছু সময় শরীরচর্চা করেন। সুব্রতের মা সুবর্ণা গাইন অভিযোগ করেন, নিপা দাস ও তাঁর আত্মীয় প্রভু বাড়ৈ পরিকল্পিতভাবে সুব্রতকে খুন করেছেন। নিপা তাঁর ছেলের সঙ্গে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন। এর জের ধরেই সুব্রতকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। গির্জার নিচতলার বাসিন্দা লিবিয়া বাড়ৈ বলেন, নিপা প্রেমে প্রত্যাখ্যাত হলেও পরে তাঁদের মধ্যে সম্পর্ক হয়। এর পেছনে নিপার আত্মীয় প্রভু বাড়ৈর ভূমিকা ছিল। পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, এ ব্যাপারে মৃত সুব্রত বৈদ্যের এক নিকটাত্মীয় দারুস সালাম থানায় অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।