‘গিয়েছিলাম ধন্যবাদ জানাতে, পুলিশ পিটিয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছেন দুই শতাধিক মানুষ, একপর্যায়ে তাদের ধাওয়া দেয় পুলিশ
ছবি: প্রথম আলো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবিতে বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটার অভিযোগ উঠেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
রাজধানীর শাহবাগে শুক্রবার বিকেলে এই কর্মসূচি হয়। ‘চাকরিতে প্রবেশের বয়স ৩২ চাই’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে এই কর্মসূচি আহ্বান করা হয়েছিল। দুই শতাধিক চাকরিপ্রত্যাশী সেখানে যোগ দিয়েছিলেন। বেলা তিনটার পর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু হয়। ঘণ্টাখানেক পর বৃষ্টি শুরু হলে আন্দোলনকারীরা শাহবাগ থানার সামনে মেট্রোরেলের নিচে অবস্থান নেন। এ সময় পুলিশ কয়েকজনকে থানায় নিয়ে যায়। পরে তাঁদের ছেড়েও দেওয়া হয়।

বৃষ্টি শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের দিকে এগোতে গেলে পুলিশ কর্মসূচি শেষ করতে বলে। বাক্‌বিতণ্ডার একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। বাকী বিল্লাহ নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রকে থানায় নিয়ে যায়। পরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে কিছুক্ষণ অবস্থান করে জাতীয় প্রেসক্লাব এলাকায় চলে যান।

এ সময় পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেন এই আন্দোলনের অন্যতম সংগঠক ঊনমানুষ সেতু। ফেসবুক গ্রুপে তিনিই কর্মসূচির ডাক দিয়েছিলেন।

ঊনমানুষ সেতু প্রথম আলোকে বলেন, ‘জাতীয় জাদুঘরের সামনে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। পুলিশকে আমরা আগেই বলেছিলাম, শাহবাগ মোড়ে অবস্থান নেব না, থানার সামনে দিয়ে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলে যাব। এ সময় পুলিশকে ধন্যবাদ জানাতে আমরা শাহবাগ থানার সামনে কিছুক্ষণের জন্য অবস্থান নিলে ভেতর থেকে একজন পুলিশ কর্মকর্তা এসে বাকী বিল্লাহ নামে আমাদের একজন সহযোদ্ধাকে ধরে নিয়ে যায়। আমাদের লাঠিপেটাও করা হয়।’

পুলিশকে কেন ধন্যবাদ জানাতে গিয়েছিলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সমাবেশে বাধা না দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে গিয়েছিলাম।’

তাঁর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের থানার সামনে দাঁড়ানোর কোনো অনুমতি ছিল না। তাই তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে, তবে লাঠিপেটা করা হয়নি।