গুঁড়ো দুধ কোম্পানিগুলো বিপর্যয় ডেকে আনছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, গুঁড়ো দুধ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো দেশের লাখ লাখ শিশুর অপুষ্টি ও মৃত্যুর কারণ। এ প্রসঙ্গে আইনি দিকটির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিকল্প শিশুখাদ্য নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে। গতকাল শনিবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, ২০১১ উপলক্ষে জাতীয় জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ওই মন্তব্য করেন। আ ফ ম রুহুল হক বলেন, ‘গুঁড়ো দুধ কোম্পানিগুলো দেশে বিপর্যয় ডেকে আনছে। স্বাধীনতার পর শিশুস্বাস্থ্য উন্নয়নে সীমিত ক্ষমতার মধ্যে গৃহীত সরকারি কর্মকাণ্ডের সুফল নষ্ট করেছে গুঁড়ো দুধ কোম্পানিগুলোর বাজারপ্রসার কর্মকৌশল। যদি তারা তাদের আয়োজিত সেমিনার-সিম্পোজিয়ামে চিকিৎসকদের আনতে পারে, তবে তাদের মুনাফা বহু গুণ বেড়ে যায়। এতে করে যে লাখ লাখ শিশুর মৃত্যু, শিশুস্বাস্থ্য ও পুষ্টির অবনতি এবং বুদ্ধির বিকাশে সমূহ ক্ষতি হচ্ছে, তা নিয়ে কোম্পানিগুলো মোটেই বিচলিত নয়।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউনিসেফ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার যৌথ নেতৃত্বে ১৯৮১ সালে ইন্টারন্যাশনাল কোড ফর মার্কেটিং অব ব্রেস্টমিল্ক সাবসটিটিউটস্ (মায়ের দুধের বিকল্পের বিপণন-সংক্রান্ত বিধি) গৃহীত হয়। ১৯৮৪ সালে বাংলাদেশে এ বিষয়ে অধ্যাদেশ জারি হয়। কিন্তু বাংলাদেশে আইন প্রয়োগের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ালে নবজাতক শিশুদের মৃত্যুহার শতকরা ৩১ শতাংশ রোধ করা সম্ভব। শালদুধ নামে পরিচিত মায়ের বুকের প্রথম দুধ শিশুর জীবনের প্রথম টিকা। শুধু মায়ের দুধেই বুদ্ধি বিকাশের একমাত্র জীবন্ত উপাদান আছে। মায়ের দুধ শিশুকে ডায়রিয়া, সেপসিস, নিউমোনিয়া, কানপাকা ইত্যাদি রোগ থেকেও রক্ষা করে। আ ফ ম রুহুল হক আরও বলেন, ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ালে পরিবারের কমপক্ষে ১৮ থেকে ২০ হাজার টাকা সাশ্রয় হয়। বিদেশ থেকে প্রতিবছর দুই হাজার কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করতে হয় না। গুঁড়োদুধের এত ‘অপকারিতা’ সত্ত্বেও কেন এর বিপণন বন্ধ হচ্ছে না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে বিকল্প শিশুখাদ্য প্রয়োজন। সে কারণে বিপণন পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। উল্লেখ্য, বাংলাদেশে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খায় এমন শিশুর হার মাত্র ৪৩ শতাংশ। প্রচারণা সত্ত্বেও বহু বছর ধরে এই হার না বেড়ে এক জায়গায়ই রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ বলেন, মাতৃদুগ্ধ সপ্তাহে দেশের প্রতিটি জেলায় বিভিন্ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীরা নিজেরা উদ্বুদ্ধ হবেন এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন। ব্যাপক ভিত্তিতে প্রচারণা চালানোর কাজ চূড়ান্ত। সভায় জানানো হয়, আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ফাতিমা পারভীন চৌধুরী, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের (বিবিএফ) চেয়ারপারসন এস কে রায় প্রমুখ।