গুনগুন ও ঘুমের ডিমভাজির মাপজোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

গুনগুন তীক্ষ্ণ চোখে ছোট ভাই ঘুমের প্লেটের ডিমভাজির দিকে তাকিয়ে আছে। বোঝার চেষ্টা করছে ওর ডিমভাজিটা বড় না ছোট। প্রতিদিন এই এক দৃশ্য। ইফতারে প্রতিদিন বাসায় ক্ষুদের ভাত, সঙ্গে ডিমভাজি করা হয়। এরপরই শুরু হয়ে যায় দুই ভাই–বোনের ডিমভাজির মাপজোখ। যারটা ছোট হয়ে যায়, তার মুখ ভার। প্রতিদিনই দেখা যায় আম্মুর অথবা আমার ভাগের ডিম দিয়ে এদের দুজনের মধ্য সাম্যতা আনতে হয়। একই ঘটনা ঘটে যখন কোক দেওয়া হয়, দুজনে মিলে দুজনের গ্লাস পাশাপাশি রেখে ঢালে, তারপর চলে মাপজোখ।

এখন যেহেতু বাসাতেই থাকা হয় তাই নামাজের সময় দুজনকেই আমার সঙ্গে নামাজ পড়ার জন্য বলেছি। জায়নামাজ কে বিছাবে, তাই নিয়ে দুই ভাইবোনের মধ্যে প্রতিযোগিতা। দেখা যায় ঘুম নামাজের সময় স্থিরই থাকতে পারে না, মাঝেমধ্যে হেসে ফেলে। আমি রাগ করতে গিয়েও করতে পারি না, আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমিও এমন ছটফট করতাম।

কিছুদিন আগে একটা ঘুড়ি কিনে দিয়েছিলাম, বিকেল হতেই প্রতিদিন ছাদে নিয়ে যাওয়ার বায়না। প্রথম দিনই ঘুড়ি উড়ে গেল আকাশে, কী যে আনন্দ দুই ভাইবোনের। সারা দিনে এইটুকুই বাইরে আসা যায় এখন। স্কুল বন্ধ অনির্দিষ্টকালের জন্য, সারাক্ষণ বাসায় থাকতে থাকতে যেন হাঁপিয়ে উঠেছে সবাই।

সপ্তাহে এখন একবার বাজারে যেতেই হয়। যাওয়ার সময় আমি কখনো ভুলে গেলে ঘুম দৌড়ে এসে বলবে ‘বাবা, তোমার মাস্ক নিয়ে যাও।’ আমি বাজার থেকে ফিরলেই গুনগুন দূর থেকে বলবে, ‘বাবা, আগে হাত সাবান দিয়ে ২০ সেকেন্ড ধুয়ে আসো।’ এর মধ্যে দুজনে আমার হাতে থাকা বাজারের প্যাকেটগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করে দূর থেকে। আমি বুঝি, ওরা কী খুঁজছে। আগে বাজার থেকে ফেরার সময় চকলেট বা চিপস নিয়ে আসতাম। কিন্তু করোনার এই দুঃসময়ে এই বাইরের খাবারগুলো একদম নিষিদ্ধ হয়ে গেছে।

সেদিন ছিল ওদের মায়ের জন্মদিন, প্রতিবারই এই দিনটায় দোকান থেকে সুন্দর কেক আসে। এবার কেক আনা হবে না শুনে দুজনেরই মন খারাপ। বাসায় কিছু বেকিং পাউডার অবশিষ্ট ছিল, তাই দিয়ে চলল কেক বানানোর তোড়জোড়। দুজনে সারাক্ষণ আম্মুর পাশে ঘুরঘুর, কখন শেষ হবে। ইফতারের সময় যখন কেক কাটা হলো, তখন আবার সেই একই ঘটনা, দুজনের কেক নিয়ে মাপামাপি।

প্রতিদিন ইফতার করেই ট্যাবে আমরা চারজন মিলে লুডু খেলি। দুই ভাইবোনের মধ্যে যখনই কারও ঘুঁটি খাওয়া পড়ে সঙ্গে সঙ্গে চোখে জল, ‘আমি খেলবই না, আম্মু তুমি এমন কেন, আমার পাকা ঘুঁটিটা খেলে।’ ওদের আম্মুও যেন তখন শৈশবে ফিরে যায়, একদম মায়া করে না ঘুঁটি খেতে।

আমি যেহেতু ওষুধ কোম্পানিতে চাকরি করি, আমাকে সপ্তাহে দুদিন অফিসে যেতেই হয়। করোনাভাইরাসের নতুন কিছু জরুরি ওষুধ আনার জন্য কাজ করার জন্যই আসা। প্রতিদিন মনের ভেতর খুঁতখুঁত চলে, একটু পরপরই হাত স্যানিটাইজ করতে থাকি অফিসে বসে। সবার আগে টেবিলটা মুছে ফেলি স্যানিটাইজার দিয়ে, এরপর ল্যান্ডফোনটা, কম্পিউটারের মাউস, কলম। প্রিয় সহকর্মী, যাদের সঙ্গে কাছে বসে আড্ডা দিতাম তারাই এখন নিজ দায়িত্বে দূরে থেকেই উত্তর দেয়। আমার গ্রুপেই হাত জীবাণুমুক্ত করার স্যানিটাইজারটা। প্রতিদিন এত ফোনকল আসে যে কাকে রেখে কাকে দেব এই সিদ্ধান্ত নিতেই হিমশিম খেয়ে যাই।

এভাবেই চলছে এখনকার এই করোনাকালের সময়গুলো। অপেক্ষা আগের সেই নিরাপদ করোনাবিহীন জীবনে ফিরে যাওয়ার।

* লেখক: ডিজিএম, মার্কেটিং, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড