রাজধানীর বংশালের মো. সোহেল গত বছরের ২ ডিসেম্বর ছেলের জন্মদিনে ফুল কেনার জন্য শাহবাগে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তিন বন্ধু। সেখান থেকে সাদা পোশাকের লোকেরা তাঁদের অপহরণ করে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। সেই থেকে তাঁরা নিখোঁজ।
সাজেদুল ইসলাম সুমনের তিন বছরের মেয়ে বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিদিনই আল্লাহর কাছে প্রার্থনা করে। আর সুমনের অসুস্থ মা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে ঘুরে ঘুরে তাঁর ছেলেকে খুঁজে দেওয়ার মিনতি জানান।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর অসুস্থ মায়ের মুখে এখন একটাই কথা—‘মৃত্যুর আগে যেন ছেলেটার মুখ দেখে যেতে পারি।’
সূত্রাপুরের খালেদ হাসান সোহেলের বাবা গত ১০ মাসেও ছেলের খোঁজ পাননি। তিনি প্রতিদিন আদালত প্রাঙ্গণে যান এই আশায়, যদি পুলিশ আদালতে হাজির করাতে ছেলেকে নিয়ে যায়!
রাজধানীতে গতকাল রোববার এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। গোলটেবিলে তাঁরা গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দেওয়ার, না হয় খুঁজে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ ‘গুম ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে।
গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা বলেন, প্রতিটি গুমের সঙ্গে সরকারি কোনো না কোনো সংস্থা জড়িত বলে তাঁরা নিশ্চিত। তাই গুম হওয়া ব্যক্তিদের তাঁরা সরকারের কাছে ফেরত চাইছেন। কিন্তু সরকার জড়িত থাকার কথা অস্বীকার করছে। তাই সরকারের কাছে তাঁরা গুম হওয়া ব্যক্তিদের খুঁজে দেওয়ার দাবি জানাচ্ছেন। কারণ, এটি সরকারের দায়িত্ব। গুম হওয়া কোনো ব্যক্তি মারা গিয়ে থাকলেও সরকারের দায়িত্ব সেই খবর নিশ্চিত করে পরিবারকে জানানো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমানে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, প্রতিটি গুমের সঙ্গে র্যাব-পুলিশ জড়িত। এগুলো সরকারি সংস্থা। তাই গুমের সঙ্গে সরকার জড়িত। এ জন্য সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী দায়ী। তিনি দায় অস্বীকার করলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। নতুন সরকার এসে গুমের রহস্য উন্মোচন করবে। বিচার করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেন, খুন মনুষ্য সমাজের একটি অতি প্রাচীন অপরাধ। কিন্তু গুমটা অপেক্ষাকৃত নতুন, বলা যায় ডিজিটাল অপরাধ। এটা এ দেশে ছিল না। আমদানি করা হয়েছে। এখন গুম-খুন রাজনীতির অংশ হয়ে গেছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশ যখন চালাচ্ছেন, তখন এতটা বুনো হওয়ার দারকার কী। নিজেদের দেশের মানুষের অংশ হিসেবে ভাবুন। তাঁদের কান্না শুনুন। আর কোনো নতুন অপরাধ আমদানি করা থেকে বিরত থাকুন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, যাঁরা গুম হয়েছেন, তাঁদের পরিবারবর্গও নিরাপদ নয়। অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। চৌধুরী আলমের ছোট ভাইকে চুরির মামলায় হাজত খাটানো হয়েছে। র্যাবের বিরুদ্ধে এত অভিযোগ সত্ত্বেও তা আমলে নেওয়া হচ্ছে না। আসলে শেখ হাসিনার সরকার এর প্রতিকার করবে না। একশ্রেণির বুদ্ধিজীবীও এর সঙ্গে যোগ দিয়েছেন। এঁদের বিচার করতে হবে।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী নেতা সেলিম ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ আজিজ, বিএফইউজের একাংশের মহাসচিব এম এ আজিজ, বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি শামসুল আলম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব এস এম রফিকুল ইসলাম এবং গুম হওয়া পরিবারবর্গের উপস্থিত সদস্যরা। তাঁদের মধ্যে রয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর, সুমনের বোন মারুফা ইসলাম ফেরদৌসী, চৌধুরী আলমের ছোট ভাই মো. খুরশীদ আলম, খালেদ হাসান সোহেলের স্ত্রী শাম্মি সুলতানা, মো. সোহেলের বাবা শামসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালক ড্যাবের মহাসচিব ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব এ জেড এম জাহিদ হোসেন বলেন, ২০০৯ সালের পর ঢাকায় ২৪ জনসহ সারা দেশে প্রায় ১৫০ জন গুম হয়েছেন। এর মধ্যে এখানে ১৭ জনের পরিবারের কোনো না কোনো সদস্য উপস্থিত আছেন। এঁরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।