গুলশান ও ধানমন্ডিতে ১১ ভবনে রাজউকের অভিযান
গুলশান অ্যাভিনিউতে একটি বেসরকারি ব্যাংকের ভবনের তিন পাশে অনুমোদিত নকশার বিচ্যুতি ঘটিয়ে তৈরি করা হয়েছিল তিনটি র্যাম্প (গাড়ি ওঠানামার পথ)। ফুটপাতের ওপরেই ছিল এটিএম বুথ, গাড়ি রাখার ব্যবস্থা। পাশেই আরেকটি ব্যাংকের ভবনের নকশায় সামনের খোলা অংশে কোনো ধরনের স্থাপনা নির্মাণের অনুমোদন ছিল না। তা সত্ত্বেও সেখানে বসানো হয়েছিল একটি এটিএম বুথ।
বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চলমান অভিযানে গতকাল বৃহস্পতিবার ব্যাংক দুটির এমন অবস্থাই দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এই পরিপ্রেক্ষিতে একটি ব্যাংকের র্যাম্প গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি চার লাখ টাকা জরিমানা করা হয়। আরেকটি ব্যাংককে দুই লাখ টাকা জরিমানা করে অবৈধভাবে নির্মিত এটিএম বুথটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গুলশান এলাকায় অভিযানের তত্ত্বাবধানকারী রাজউকের জোন-৪-এর অথরাইজড অফিসার আদিলউজ্জামান বলেন, ‘প্রায় এক মাস ধরে চলা এই অভিযানে আমরা দেখতে পাচ্ছি, নকশার বিচ্যুতি ঘটিয়ে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ব্যাংকগুলোই এগিয়ে আছে।’
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখার আহমেদ চৌধুরী এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে মূল রাস্তা থেকে ভবনের বেসমেন্টে ঢোকা ও বের হওয়ার জন্য একটিমাত্র পথ রাখা এবং নকশাবহির্ভূতভাবে বেসমেন্টের দিক পরিবর্তনের জন্য রবি টাওয়ারকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেসমেন্টের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গায় প্যাকেজিং স্টোরও দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। উদয় টাওয়ারের বেসমেন্টে রেস্তোরাঁ স্থাপনের জন্য ভবনমালিককে এক লাখ টাকা জরিমানা এবং নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সের র্যাম্প উচ্ছেদ করা হয়।
একই দিনে ধানমন্ডির গ্রিন রোডে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন। অভিযানে পার্কিং এলাকা অবমুক্ত করার জন্য সানিডেইল জুনিয়র স্কুলকে এক মাসের সময় দেওয়া হয়। নকশাবহির্ভূতভাবে একটি ভবনের নিচতলায় কমিউনিটি সেন্টার এবং বিউটি পারলার স্থাপনের জন্য ভবনমালিককে তিন লাখ টাকা জরিমানার পাশাপাশি নকশা বাজেয়াপ্ত করেন ভ্রাম্যমাণ আদালত। তা ছাড়া পার্কিংয়ের জায়গায় একটি খাবার এবং রঙের দোকান স্থাপনের জন্য আরেক ভবনমালিককে দুই লাখ টাকা জরিমানার সঙ্গে দোকান দুটি ভেঙে দেওয়া হয়। গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান স্থাপনের জন্য আরও দুই ভবনমালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।