গুলশানের এক ক্লাবে কাঠের কুঠুরি, ছবির পেছনে, শৌচাগারে মিলল মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো

রাজধানীর গুলশানের দ্য ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়ে বিপুল মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শুক্রবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। ক্লাবের মঞ্চে কাঠের কুঠুরিতে, ছবির পেছনে ও শৌচাগারের তালাবদ্ধ চেম্বার থেকে এসব উদ্ধার করা হয়।

র‍্যাব-১–এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল-মোমেন প্রথম আলোকে জানান, অভিযানে সাড়ে চার শতাধিক দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৪০০–এর বেশি ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

কর্নেল আবদুল্লাহ আরও জানান, ক্লাবের হলরুমে একটি মঞ্চ ছিল। সেখানে কার্পেট সরানোর পর একটি কাঠের কুঠুরি পাওয়া যায়। সেটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙে দেখা যায় মদের বোতল রাখা। মঞ্চের পাশে একটি শৌচাগারের ভেতর সিলিং সরানোর পর তালাবদ্ধ গোপন চেম্বার পাওয়া যায়। সেখানেও মদের বোতল পাওয়া গেছে। এ ছাড়া দোতলা থেকে তিনতলা যেতে পেছনের দিকে সিঁড়ি রয়েছে। এর পাশে বড় একটি ছবি টাঙানো ছিল। সেই ছবি সরানোর পর আরও একটি গোপন চেম্বার পাওয়া যায়। সেই চেম্বারেও মদ পাওয়া গেছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।