গুলশান ক্লাবে সরকারি বিদ্যুতে খেলা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান ক্লাবে আগামী তিন মাস বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় (সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা) সরকারি বিদ্যুৎ ব্যবহার করে খেলাধুলা বন্ধে ব্যবস্থা নিতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আইনানুযায়ী বিদ্যুতের অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎসচিব, ডেসকো ও ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও গুলশান ক্লাবের সভাপতিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।বিদ্যুতের অপচয় রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে জনস্বার্থে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’-এর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে রিটটি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সালাম মণ্ডল।রিট আবেদনকারী আইনজীবী শুনানিতে বলেন, বর্তমান বিদ্যুৎ সংকটকালীন অবস্থায় সরকারের নির্দেশ অমান্য করে গুলশান ক্লাবে সর্বোচ্চ চাহিদার সময় বিনোদনমূলক খেলাধুলায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।প্রসঙ্গত, ২ মে হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ রাজধানীর তিনটি ক্লাব ঢাকা, উত্তরা ও অফিসার্স ক্লাবে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে সর্বোচ্চ চাহিদার সময় ফ্লাডলাইট জ্বালিয়ে তিন মাস খেলাধুলা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।