গুলশান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান দুই নম্বর গোলচত্বরে অবস্থিত গুলশান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার কিছু পরে ১৩ তলা ভবনটির নিচতলায় লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তারা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা সাতটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটি থেকে এখনো প্রচুর ধোঁয়া বের হচ্ছিল। ভবনের ছাদে অনেকে আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে কয়েকজনকে ছাদ থেকে নামিয়েছেন।

ভবনটির নিচ তলায় অবস্থিত নিউ ক্লাসিক ফ্যাব্রিকস নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। দোকানটির কর্মীরা জানান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ওই দোকানে কার্পেট, পর্দাসহ গৃহসজ্জার নানা উপকরণ বিক্রি করা হয়।