গুলশান ডিসিসি মার্কেটের ৪৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাই পণ্য রাখা ও বিক্রির অভিযোগে রাজধানীর গুলশানের একটি মার্কেটে অভিযান চালিয়ে ৪৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।আদালত সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে আদালত গুলশান-১-এর ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) মার্কেটে অভিযান চালিয়ে ৪৩ প্রতিষ্ঠানকে চার লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে কসমেটিক ফেয়ার, পারভেজ এন্টারপ্রাইজ ও রাফা এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা করে এবং অন্য ৪০টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গুলশানের এসব প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছিল বিদেশ থেকে চোরাই পথে আমদানি করা নানা ধরনের প্রসাধনী পণ্য। আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, গুলশান এক নম্বর ডিসিসি মার্কেটটি দেশের অন্যতম কসমেটিকস ও শিশুখাদ্যের পাইকারি মার্কেট। এখান থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কসমেটিকস ও শিশুখাদ্য চলে যাচ্ছে। গুলশান-১ ডিসিসি কাঁচা ও সুপার মার্কেট ব্যবসায়ী কো-আপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, এসব পণ্য তাঁরা আর বিক্রি করবেন না বলে আদালতের কাছে অঙ্গীকার করেন। বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ প্রথম আলোকে বলেন, বিদেশ থেকে আমদানি করা প্রসাধনী দেশের বিভিন্ন বন্দরে পৌঁছানোর পর নমুনা সংগ্রহের পর স্থানীয় বিএসটিআই কার্যালয়ে পরীক্ষা করাতে হবে। এর ব্যতিক্রম হলে পণ্যটি চোরাই পথে আমদানি করা কিংবা নকল বলে গণ্য হবে। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে বিএসটিআই ও র‌্যাব-২-এর একটি দল।