গুলশান, মহাখালী ও ফার্মগেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত বুধ ও গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গুলশান-১, মহাখালী, ফার্মগেট ও ইন্দিরা রোড এলাকায় এসব অভিযান চলে।
গতকাল বৃহস্পতিবার ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানের নেতৃত্বে ফার্মগেট, খেজুরবাগান ও ইন্দিরা রোডে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সুপারশপ আগোরার কর্মকর্তা রাশেদ কবিরকে এক লাখ টাকা, সুপারশপ স্বপ্নের কর্মকর্তা এনামুল ইসলামকে দেড় লাখ টাকা, আনোয়ারুল ইসলাম ও কমল খান নামের দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
গত বুধবার গুলশান-১ নম্বর এলাকায় অবস্থিত ডিএনসিসি মার্কেটে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্সের শর্ত পূরণ না করায় সাতটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট বিভাগকে সুপারিশ করা হয়। আদালত বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করেন।