গুলশান লেকপাড়ের আরও ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে শুরু হওয়া গুলশান লেক উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে গতকাল সোমবার আরও ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে লেকের জায়গার সীমানা চিহ্নিতকরণ বিষয়ে নিষ্পত্তি না হওয়ায় উচ্ছেদকাজে বড় ধরনের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন রাজউকের কর্মকর্তারা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু হয়ে তা বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে। মহাখালী সেতুর পাশে গাউসুল আজম মসজিদের উত্তর পাশের প্রায় দুই হাজার ফুট এলাকাজুড়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। করাইল বস্তির পাশে ওই এলাকায় ছোট-বড় টিনের ছাউনি ও টংঘর ছিল। অভিযান চলাকালে কেউ বাধা দেওয়ার চেষ্টা করেনি। রাজউকের নির্বাহী হাকিম রোকন-উদ-দৌলা ও নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলামের নেতৃত্বে অভিযান চলে। অভিযান চলাকালে বস্তিবাসী, বিশেষ করে নারী ও শিশুরা কাঁদতে থাকে। জমিলা খাতুন নামের এক নারী বলেন, তাঁরা বস্তিতে ভাড়া দিয়ে থাকতেন। তাঁদের কাছ থেকে বিদ্যুৎ বিলও নেওয়া হতো। অভিযানকারীরা যে বা যারা এসব বসিয়েছে, তাদের খুঁজে পায়নি। নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, মালামাল সরানোর জন্য আগেই সময় দিয়েছিল রাজউক। তবে তিনি বলেন, লেক বা পার্শ্ববর্তী এলাকার জায়গার কতখানি কোন সংস্থা বা ব্যক্তির, তা চিহ্নিত না হওয়ায় অভিযানে সমস্যা হচ্ছে। তবে ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে, করাইল বস্তি ও আশপাশের লেক এলাকার জায়গার মালিক বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি (বিটিসিএল)। তাই এই জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেনি রাজউক। কাল বুধবার বিটিসিএল নিজেরাই সেখানে অভিযান চালাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মহাখালী ব্র্যাক সেন্টারের বিপরীত দিকে মহাখালী-বনানী লেকের পশ্চিম পাড় এলাকা ঘুরে দেখা গেছে, সেখানে অনেক স্থান বেদখল হয়ে আছে। একটি ১০ তলা ভবন তৈরি করা হয়েছে, যা নিয়ে মামলাও চলছে। ভবনের পেছনে অন্তত দুই বিঘা জায়গা ভরাট করা হয়েছে। সীমানা চিহ্নিতকরণ ও মামলা চলায় সেখানে অভিযান চালাতে পারেনি রাজউক।