গুলশান লেকের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
গুলশান লেক এলাকায় অভিযান চালিয়ে শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। স্থাপনাগুলোর মধ্যে টিনের ছাউনির বস্তিঘর ও টংঘরই বেশি। গতকাল রোববার সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই অভিযান চলে। বিকেল চারটার দিকে করাইল বস্তির কাছে লেকের ওপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার চেষ্টা করলে শতাধিক যুবক জড়ো হন এবং তাঁদের কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করেন। রাজউক কর্মকর্তাদের তাঁরা বলেন, রাজউক শ্রমিকেরা যেন সরে যান, তাঁরা নিজ উদ্যোগেই স্থাপনাগুলো ভেঙে দেবেন। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা বলেন, রাজউক কাজ চালিয়ে যাবে। যুবকেরা চাইলে রাজউকের সঙ্গে যোগ দিতে পারেন। এরপর মালামাল সরিয়ে নেওয়ার জন্য তাঁদের কিছু সময় দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সময়ের অভাবে সব স্থাপনা ভাঙতে পারেনি রাজউক। রাজউকের একজন কর্মকর্তা জানান, অভিযান হবে এমন কথা তিন দিন আগে থেকে এলাকায় জানানো হয়েছে। অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। গতকাল বেলা ১১টার দিকে গুলশান ৩২ নম্বর সড়কসংলগ্ন লেক এলাকা থেকে অভিযান শুরু হয়। তাতে অংশ নেন ৬০ জন পুলিশ সদস্য ও ৫০ জন শ্রমিক। দক্ষিণ দিকে ১৫ নম্বর সড়ক পর্যন্ত অভিযানে ভাঙা পড়ে শতাধিক টিনের ছাউনির ঘর ও টংঘর। পুলিশ ও অভিযানকারী দলের সদস্যরা নৌকায় ঘুরেই অবৈধ স্থাপনা ভাঙার কাজে তদারক করেন। এর আগে স্থাপনা নির্মাণকারী কয়েক ব্যক্তি রাজউক কর্মকর্তাদের কাছে নিজেদের উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার সুযোগ চান। অনুমতি পেয়ে তাঁরা লেক থেকে কিছু স্থাপনার অংশ সরিয়েও নেন। ১৭ জানুয়ারি প্রথম আলোয় লেক দখলসংক্রান্ত একটি প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন। গত ২৫ জানুয়ারি আদালত লেকের সীমানা নির্ধারণ করে দুই মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। গত ৬, ১২ ও ১৯ ফেব্রুয়ারি ওই লেক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ৩২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাজউক। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশের ভিত্তিতে আইন মেনে উচ্ছেদ অভিযান চলছে এবং এটা চলতে থাকবে। গতকালের অভিযানে অংশ নেওয়া রাজউকের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, আজ সোমবারও লেক উদ্ধারে অভিযান চলবে। সূত্র জানায়, করাইল বস্তি এলাকায় লেকের বেশির ভাগ জায়গা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের। লেক উদ্ধারের জন্য হাইকোর্ট তাদেরও নির্দেশ দিয়েছিলেন। তবে এ বিষয়ক নির্দেশের প্রত্যায়িত অনুলিপি আগে হাতে না পাওয়ায় টেলিযোগাযোগ কোম্পানি অভিযান পরিচালনা করতে পারেনি। সমপ্রতি কোম্পানিটি অনুলিপি সংগ্রহ করেছে এবং তার ভিত্তিতে শিগগির অভিযান শুরু হবে।