গুলশান শপিং কমপ্লেক্স রক্ষার দাবিতে মানববন্ধন
গুলশান শপিং কমপ্লেক্স রক্ষার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন সেখানকার ব্যবসায়ীরা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত গুলশানে মানববন্ধন কর্মসূচির পর সেখানকার দোকান মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, জমির মালিক মরহুম আহম্মেদ ফজলুর রহমান ১৯৭৬ সালে ডিআইটি (বর্তমান রাজউক) অনুমোদিত নকশা অনুসারে ৫৬ কাঠা জমির ওপর বহুতলবিশিষ্ট মার্কেট নির্মাণের কাজ শুরুর পর ব্যবসায়ীদের কাছে পজেশন বিক্রি করে লাখ লাখ টাকা অগ্রিম নেন। ওই পজেশন কেনাবেচার দলিলে ৯৯ বছরের জন্য পজেশনগুলো লিজ দেওয়ার শর্ত ছিল। লিজ দলিলের ৩ নম্বর শর্তে বলা হয়, দোকান মালিকেরা যেকোনো সময় পজেশন অন্যের কাছে হস্তান্তর করতে পারবেন। অথচ এখন চক্রান্তের মাধ্যমে ব্যবসায়ীদের উচ্ছেদযোগ্য ভাড়াটিয়া হিসেবে আখ্যা দিয়ে শপিং কমপ্লেক্স থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন। এমনকি, ভূমির মালিক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানিদের উচ্ছেদের নোটিশ দিচ্ছেন। তাঁরা এর প্রতিকার দাবি করেন। সংবাদ সম্মেলনে দোকান মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি হাসান আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সরকার প্রমুখ বক্তব্য দেন।