গুলশান–বনানী ও মতিঝিলের সড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি আর যানজটে নকাল নগরজীবন। বনানী, এয়ারপোর্ট সড়ক, ২ সেপ্টেম্বর।
ছবি: দীপু মালাকার

রাজধানীর মিরপুরের বাসিন্দা আলী হোসাইন কারওয়ান বাজারে যাওয়ার উদ্দেশে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মোটরসাইকেল করে রওনা হন। দুপুর ১২টার সময় তিনি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বনানীর কাকলী মোড়ে পৌঁছান। সড়কে প্রচণ্ড যানজট। তাই প্রায় ৪৫ মিনিট সেখানে তাঁকে আটকে থাকতে হয়।

মহাখালীমুখী সড়কে তীব্র যানজট দেখে তিনি সে পথে না গিয়ে বনানী হয়ে গুলশানে যান। সেখানেও ছিল যানজট। সব মিলিয়ে মিরপুর থেকে কারওয়ান বাজারে আসতে আলী হোসাইনের সময় লেগেছে দেড় ঘণ্টা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বনানীর নৌবাহিনীর সদর দপ্তরের সামনের অংশ থেকে কাকলী মোড় পর্যন্ত সড়কের প্রশস্ততা অনেক কমেছে। কারণ, সেখানে উড়ালসড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) কাজের জন্য সড়কের কিছু অংশ ঘেরাও দেওয়া হয়েছে। এ কারণে মহাখালী, গুলশান ও বনানীমুখী সড়কগুলোয় যানজট প্রচণ্ড। আরও এক মাস সেখানে কাজ চলবে বলে জানা গেছে।

বৃষ্টি আর যানজটে নকাল নগরজীবন। বনানী, এয়ারপোর্ট সড়ক, ২ সেপ্টেম্বর।
দীপু মালাকার

তবে কেবল গুলশান–বনানী নয়, সকাল থেকে রাজধানীর বেশির ভাগ সড়কে ছিল যানজট। বনানীর মতো মতিঝিল এলাকায় যানজট বেশি দেখা গেছে। ডিএমপির মতিঝিল বিভাগের ট্রাফিক পরিদর্শক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আজ সপ্তাহের শেষ কর্মদিবস। এ কারণে সকাল থেকে মতিঝিল এলাকার সড়কে যানজট লেগে আছে। আমরা ধারণা করছি, রাত আটটা পর্যন্ত এই এলাকার যানজটের তীব্রতা থাকবে।’

অবশ্য শাহবাগ এলাকায় যানজট কম বলে জানিয়েছেন আরেক ট্রাফিক পরিদর্শক শহীদ হোসেন। তিনি জানান, সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় সকাল থেকে সড়কে গাড়ির চাপ ছিল বেশি। কিন্তু যানজট কম।
এদিকে দুপুরের পর বৃষ্টি হওয়ায় নগরীর মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।