গুলশানে গাড়ির ধাক্কায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
রাজধানীর গুলশানে তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনকালে গাড়ির ধাক্কায় আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লিটন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান। গুলশান থানা-পুলিশ প্রথম আলোকে এই তথ্য জানিয়েছে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গত রোববার রাতে লিটন গুলশান ১ নম্বর গোলচত্বরে তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন প্রাইভেট কারের চালক তাওহিদুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনের সময় কালো রঙের একটি প্রাইভেট কার দেখে লিটন থামার জন্য সংকেত দেন। তখন গাড়িচালক সজোরে লিটনকে ধাক্কা দেন। লিটন গিয়ে গাড়িটির বনেটের ওপর পড়েন। এ অবস্থায় চালক গুলশান থেকে গাড়িটি দ্রুত চালিয়ে ৫ কিলোমিটার দূরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শান্তা টাওয়ারের সামনে লিটনকে ফেলে পালিয়ে যান। পরে লোকজন লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গুলশান থানা-পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গাড়িটি শনাক্ত করে। এরপর গ্রেপ্তার করা হয় গাড়িচালককে। গাড়িটিও জব্দ করা হয়েছে।