গুলশানে ডিবি পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩
রাজধানীর গুলশান এভিনিউ এলাকায় গতকাল বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাই করার সময় তিন ছিনতাইকারী ধরা পড়েছে। পুলিশ তাদের কাছ থেকে এক জোড়া হাতকড়া, ছুরি ও খেলনা পিস্তল উদ্ধার করেছে। গুলশান থানা সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান এভিনিউ এলাকার ১১৩ নম্বর সড়কের একটি ব্যাংক থেকে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি ১৫ হাজার টাকা তোলেন। ব্যাংক থেকে বের হলে ছয় ছিনতাইকারী নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তাঁকে আটক করে। একপর্যায়ে ছিনতাইকারীরা হাবিবুর রহমানকে মাইক্রোবাসে ওঠায় এবং মারধর করে তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পর ওই ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে এক্সিম ব্যাংকের গুলশান এভিনিউ শাখার সামনে আরেক ব্যক্তিকে আটক করে। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয়ে ওই ব্যক্তিকে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে বের হয়েছিলেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ও টহল পুলিশ এগিয়ে এসে ছিনতাইকারী শামসুল হক ওরফে সাগর (৩০), আনোয়ার হোসেন (২৮) ও মিলন মিয়াকে (২৮) আটক করে। অন্য তিনজন হাবিবুর রহমানের কাছ থেকে ছিনতাই করা ১৫ হাজার টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ছিনতাইয়ে ব্যবহূত মাইক্রোবাসটিও আটক করা হয়েছে। যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া তিনজনকে গ্রেপ্তার করা যাবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে চার যুবক গোয়েন্দা পুলিশ পরিচয়ে মোহাম্মদপুরে কৃষি মার্কেটের কাছে নজরুল ইসলাম নামের এক চাল ব্যবসায়ীকে অস্ত্রের মুখে মাইক্রোবাসে ওঠায়। এরপর তাঁকে মারধর করে হাতব্যাগের চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে শেরেবাংলা নগর থানার কাছে নামিয়ে দেয়।