গুলশানে নির্মাণাধীন ভবনের কারণে ধসে গেছে প্রাচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান-২-এ নির্মাণাধীন একটি বহুতল ভবনের ত্রুটিপূর্ণ নিরাপত্তাবেষ্টনীর কারণে পাশের একটি বাড়ির সীমানা-দেয়াল ধসে পড়েছে। ছয়তলা ভবনটির তিনটি থাম থেকে মাটিও সরে গেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।তেজগাঁওয়ে প্রায় একই ধরনের ধসের ঘটনার ২০ দিনের মাথায় এ দুর্ঘটনা ঘটল। গতকালের দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সার্ভিসের নির্দেশে পাশের দুটি ভবন থেকে বাসিন্দারা সরে যান। ফায়ার ব্রিগেড ছাড়াও সেনা-সদস্যরা ঘটনাস্থলে কাজ করেন। নির্মাতাপ্রতিষ্ঠান ডমিনো ধসের জন্য অতিবৃষ্টিকে দায়ী করলেও রাজউক বলছে যথাযথ সুরক্ষাব্যবস্থার অভাবই এর কারণ।ওয়ান্ডারল্যান্ডের পাশে ১০১ নম্বর রোডের ৬ নম্বর প্লটে ১২ তলা আবাসিক ভবন নির্মাণের প্রাথমিক কাজ করছে ডমিনো। এ জন্য প্রায় ২০ ফুট গভীর পর্যন্ত মাটিকাটা হয়। ভিতের রড বাঁধার কিছু কাজও হয়েছে।রাজউকের দায়িত্বশীল সূত্র দাবি করেছে, যথাযথভাবে চারপাশের নিরাপত্তাবেষ্টনী (শোর পাইলিং) না করাই দুর্ঘটনার মূল কারণ। যোগাযোগ করা হলে ঘটনাস্থলে উপস্থিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘ডমিনোর ভবনটির নকশা রাজউকের অনুমোদিত। তবে তারা সঠিকভাবে শোর পাইলিং করেনি।’ এ বিষয়ে জানতে চাইলে ডমিনোর মহাব্যবস্থাপক এ কে এম রফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার সারা রাত ও শনিবার সকালে বৃষ্টি হওয়ায় পাশের সীমানাপ্রাচীর ও শোর পাইলিংয়ের মাঝের জায়গায় বেশ পানি জমে যায়। ফলে এই দুর্ঘটনা ঘটে। যেখানে ভেঙে পড়েছে সেখানে পাইলিংয়ে দুর্বলতা ছিল না। কারণটি সম্পূর্ণ প্রাকৃতিক।’ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্বল্প উচ্চতার আরসিসি ও শালবল্লী দিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। রাজউকের একজন কর্মকর্তা বলেন, এই উচ্চতার বহুতল ভবনের জন্য তা যথেষ্ট নয়।গতকাল সকাল আটটা ৪০ মিনিটে দেয়াল ধসে পড়ার কিছু সময় পরই ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে যান। নিরাপত্তার স্বার্থে তাঁরা দক্ষিণ পাশের ছয়তলা ভবন এবং পেছনের আরেকটি ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেন। এর পরপরই জরুরি জিনিসপত্র নিয়ে সরে যান ভবন দুটিতে বসবাসকারী ব্যক্তিরা। একটি ফ্ল্যাটের বাসিন্দা আবদুল আলিম বলেন, তাঁদের ভবনে ফাটল ধরার আশঙ্কা কাটেনি, রাজউক এ কথা বলার পর সবগুলো পরিবার অস্থিরতার মধ্যে আছে। রাজউকের চেয়ারম্যান গতকাল সন্ধ্যায় জানান, পরিস্থিতি তখন পর্যন্ত ঝুঁকিমুক্ত হয়নি। তা করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল থেকে সেনা-সদস্যদের সহায়তায় ধসেপড়া দেয়াল ও নিরাপত্তাবেষ্টনীর জায়গায় বালুর বস্তা ফেলার কাজ শুরু হয়। সন্ধ্যার মধ্যে প্রায় ৫০০ বস্তা বালু ফেলা হয়। ডমিনোর পক্ষ থেকে জানানো হয়, আরও ৫০ ট্রাক বালুর বস্তা আনার ব্যবস্থা হয়েছে। মহাব্যবস্থাপক এ কে এম রফিকুল ইসলাম বলেন, ‘রাজউক যেভাবে কাজ করতে বলছে, আমরা তাই পালন করছি।’ গুলশান এলাকায় রাজউকের অথরাইজড কর্মকর্তা-৪ শফিকুর রহমান গতকাল রাত আটটার দিকে বলেন, আরও কত বস্তা বালু ফেলতে হবে, তা বলা যাচ্ছে না। আশপাশের ভবনের দেয়াল বা রাস্তায় ফাটল দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিলে প্রায় ২০ ফুট গর্তও ভরাট করতে হবে। সেটা হবে সময়সাপেক্ষ।