গুলশানে নিয়ন্ত্রিত যান চলাচলে ভোগান্তিতে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে যানবাহনে। ছবিটি গতকাল দুপুরে বনানী থেকে তোলা l প্রথম আলো
হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে যানবাহনে। ছবিটি গতকাল দুপুরে বনানী থেকে তোলা l প্রথম আলো

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর থেকে গুলশান ২ নম্বর গোলচত্বর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। তাই গুলশান থেকে বনানী, নতুনবাজার ও আশপাশের এলাকায় যাতায়াতকারী সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, গুলশান ২ নম্বর গোলচত্বর দিয়ে চারটি পরিবহন কোম্পানির বাস চলত। এখন আর এই বাসগুলো চলে না। গুলশান ২ নম্বর দিয়ে যাতায়াতের জন্য মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের ভরসা এখন রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা। তবে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাও হাতে গোনা। তাই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আগের চেয়ে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। কোনো সিএনজিচালিত অটোরিকশাই মিটারে চলে না। পাশাপাশি রিকশায় সরাসরি গুলশান ২ নম্বর থেকে রামপুরা, নতুনবাজার, বনানী এসব এলাকায় যাওয়া যায় না। কারণ কোনো রিকশা একবার গুলশান ২ নম্বর এলাকা থেকে বের হয়ে গেলে ওই রিকশা আর ঢুকতে দেয় না পুলিশ।

রিকশাচালক সিদ্দিক মিয়া বলেন, বনানী যাওয়ার পথ, গুলশান ২ নম্বরের ৫০ নম্বর সড়ক, কালাচাঁদপুর যেতে বারিধারা ডিওএইচএসের সামনের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সরাসরি আশপাশের এলাকায় যাওয়া যায় না।

২ নম্বর গোলচত্বরে কথা হয় মাহফুজুর রহমান নামের এক যুবকের সঙ্গে। তিনি জানান, কালাচাঁদপুর থেকে ব্যক্তিগত একটি কাজে গোলচত্বর এসেছেন। সেখান থেকে রামপুরা যাবেন এক আত্মীয়ের বাসায়। মাহফুজুর বলেন, ‘বাস নেই, তাই সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছি। তিন-চারটি অটোরিকশাচালকের সঙ্গে কথা বলেছি। কেউ মিটারে যেতে রাজি হননি।’

স্থানীয় একাধিক দোকানি বলেন, ২ নম্বর গোলচত্বর থেকে বন্ধু পরিবহনের বাসে রামপুরা হয়ে গুলিস্তান, ৬ নম্বর ও ৬/এ দুটি পরিবহনে বাসে কমলাপুর, বিহঙ্গ পরিবহনে নতুনবাজার, রবরব পরিবহনে গুলশান ১ নম্বর গোলচত্বর যাওয়া যেত। জঙ্গি হামলার পর থেকে এই পরিবহনের বাসগুলো আর চলে না। যোগাযোগ করা হলে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (গুলশান জোন) নুসরাত জাহান বলেন, কাকলি হয়ে গুলশানে কোনো বাস ও হিউম্যান হলার চলতে দেওয়া হচ্ছে না। তাই ২ নম্বর গোলচত্বর দিয়ে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বাসগুলো অন্য রুটে চলছে।