গুলশানে পলিথিন ব্যাগ উদ্ধার, ১৪ ব্যবসায়ীকে জরিমানা
পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রির দায়ে ১৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত গুলশান-১ নম্বর ঢাকা সিটি করপোরেশন মার্কেটে অভিযান চালান। পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রির দায়ে ওই মার্কেটের সবজি, ডিম, শুঁটকি ও মুরগির দোকানের ১৪ ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়।ভ্রাম্যমাণ আদালত ডিসিসি মার্কেটের কাঁচাবাজারের জামাল ড্রাই ফিসকে পাঁচ হাজার টাকা, মোল্লা প্লাস্টি স্টলকে পাঁচ হাজার টাকা, মা রেকসিন হাউসকে পাঁচ হাজার টাকা, জাকির ভেজিটেবল স্টোরকে দুই হাজার টাকা, ভাই ভাই ডিম স্টোরকে চার হাজার টাকা, জামাল ভেজিটেবল স্টোরকে এক হাজার টাকা, দেলোয়ার ভেজিটেবল স্টোরকে পাঁচ হাজার টাকা, নজরুলের সবজির দোকানকে তিন হাজার টাকা, বিসমিল্লাহ প্লাস্টিক হাউসকে পাঁচ হাজার টাকা, সজল চিকেন হাউসকে তিন হাজার টাকা, ভাই ভাই চিকেন হাউসকে তিন হাজার টাকা, কামালের ফি ফিস স্টলকে দুই হাজার টাকা, বাবুলের কিং ফি ফিস সেল সেন্টারকে দুই হাজার টাকা ও বুলবুল জেনারেল স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদ না রাখতে গত সোমবার রাজধানীর ঢাকা সিটি করপোরেশনের অধীন কাঁচাবাজারের কর্মকর্তাদের নিয়ে অধিদপ্তরে বৈঠক হয়। সেখানে অনেক মার্কেটের নেতাই অনুপস্থিত ছিলেন। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফা আহমেদের নেতৃত্বে অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা এবং মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।