গুলশানে ব্যবসায়ী ও দক্ষিণখানে দম্পতি হত্যার কিনারা হয়নি
রাজধানীর গুলশানে ব্যবসায়ী ফজলুল হক এবং দক্ষিণখানে দম্পতি হত্যার কোনো কিনারা গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করতে পারেনি পুলিশ। এ দুই ঘটনায় জড়িত অপরাধীদেরও পুলিশ শনাক্ত করতে পারেনি।গত রোববার সকালে গুলশানে নিজ ডুপ্লেক্স বাড়ির দোতলায় ফজলুল হকের (৭২) রক্তাক্ত লাশ পাওয়া যায়। তাঁর গলায় একটি ক্ষতচিহ্ন ছিল। এরপর মঙ্গলবার দক্ষিণখানের সৈয়দনগরে নিজ বাড়িতে খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার নাসিরউদ্দিন (৬৩) ও তাঁর স্ত্রী মাহমুদা খাতুন (৫৮)।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবীর গতকাল প্রথম আলোকে বলেন, ফজলুল হক হত্যার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। তদন্ত চলছে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ফজলুল হক হত্যা মামলায় পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। পর্যায়ক্রমে ওই পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।এদিকে নাসিরউদ্দিন ও মাহমুদা দম্পতি জমি নিয়ে বিরোধের কারণে খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তদন্তসংশ্লিষ্ট পুলিশ ও র্যাবের কর্মকর্তারা। এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান ও আবদুল খালেককে গতকাল তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।র্যাব-১-এর উপঅধিনায়ক মোস্তাক আহমেদ বলেন, নাসিরউদ্দিন ও মাহমুদা দম্পতি হত্যার বিষয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বাড়ি থেকে জমির বিবাদসংক্রান্ত বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।