গুলশানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা, হট্টগোল
রাজধানীর গুলশান-১ ডিসিসি সুপার মার্কেটে গতকাল বুধবার অনুমোদনহীন মধুর দোকানে অভিযানকালে ব্যবসায়ীদের বাধা ও হট্টগোলের মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত র্যাব সদস্য যাওয়ার পর আবার অভিযান শুরু করে আদালত ওই দোকানসহ চারটি দোকানকে জরিমানা করেন।আদালত সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটের ‘মেসার্স ওয়ার্ল্ড ট্রেড’ নামের দোকানে অভিযান চালান। দোকানটিতে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে আমদানি করা মধু বিক্রির অভিযোগ রয়েছে। কিন্তু সেখানে অভিযান শুরু করতেই মার্কেটের অন্য ব্যবসায়ীরা তাঁদের দোকান বন্ধ করে অভিযানে বাধা দেন। এতে আদালত মার্কেটের নিচে অবস্থান নেন এবং র্যাব-১-এর সহায়তা চান। ঘণ্টাখানেক পর অতিরিক্ত র্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে আদালত আবার অভিযান শুরু করেন এবং ওই মধুর দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করেন।এরপর আদালত ওই মার্কেটের রাহাত এন্টারপ্রাইজ নামের প্রসাধনীর দোকানে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন লিপস্টিক বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর অনুমোদনবিহীন স্কিন ক্রিম বিক্রি করায় আল্লাহর দান ট্রেড সেন্টার নামের দোকানকেও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত রীদ কালেকশন নামের দোকানকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন স্কিন ক্রিম ও শ্যাম্পু বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, অনুমোদনবিহীন মধুর দোকানে অভিযানের সময় আশপাশের অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে অভিযানে বাধা দেন এবং হট্টগোল করেন। এক ঘণ্টা পর আবার অভিযান শুরু হয়। অভিযানে সহায়তা করে র্যাব-১ ও ৩।ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, তাঁরা আমদানিকারকের কাছ থেকে পণ্য কিনে বিক্রি করেন। কিন্তু কিছুদিন পরপর আদালত তাঁদের জরিমানা করেন। তাই গতকাল অভিযানের সময় ব্যবসায়ীরা একজোট হয়ে হট্টগোল করেন। পরে বিষয়টি মীমাংসা হয়।