গুলশানে রাজউকের অভিযান
একটিমাত্র ভবনে ঘণ্টা দুয়েকের অবস্থান। প্রথমে নকশা দেখে বেসমেন্টের (ভূগর্ভস্থ অংশ) অর্ধেকেরও বেশি জায়গাজুড়ে থাকা তিনটি দোকানের মালপত্র সরানোর নির্দেশ। একটু পরে অন্যদিকের দুটি ছোট কক্ষ ভাঙচুর। তাতেই শেষ হয়ে গেল গুলশান এলাকায় বেসমেন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের অভিযান।
গতকাল সোমবার গুলশান এলাকার পিংক সিটি শপিং কমপ্লেক্সে রাজউক তথাকথিত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্বে ছিলেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন।
পিংক সিটি শপিং কমপ্লেক্স থেকে এ দিনের এই অভিযান শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। তার আগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে রাজউক কর্মকর্তারা প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। অভিযান শুরু হয় সাড়ে ১১টার পর। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে জানান, তালিকা অনুসারে তাঁরা পিংক সিটি থেকে শুরু করে একে একে অন্য ভবনগুলোতেও অভিযান চালাবেন। কিন্তু ঘণ্টা দুয়েক ওই ভবনে অবস্থান করেই বেলা দেড়টার দিকে তাঁরা সেখান থেকে বিদায় নেন।
অভিযানের শুরুতেই রাজউক কর্মকর্তারা শপিং কমপ্লেক্সটির নকশা দেখে বেসমেন্টে অবস্থিত গুলশান শাড়ি মিউজিয়াম এবং টপ টেন ফেব্রিকস অ্যান্ড টেইলরস নামের দুটি প্রতিষ্ঠানের মালপত্র আধঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই জায়গায় আরও বড় অংশজুড়ে আরেকটি দোকান নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি।