গুলশানের জমি উদ্ধারে আন্তমন্ত্রণালয়ের বৈঠক হবে
রাজধানীর গুলশানের কড়াইল মৌজায় সরকারের বেহাত হওয়া পৌনে সাত একর জমি উদ্ধারে ১২ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে আইন মন্ত্রণালয়; ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং ঢাকার জেলা প্রশাসক ও ভূমি জরিপ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।ভূমি মন্ত্রণালয়ের উপসচিব পারভিন আকতার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, গুলশানের জমি উদ্ধারের ব্যাপারে করণীয় ঠিক করতে এই সভার আয়োজন করা হয়েছে। সভা অনুষ্ঠিত হবে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে।গত ৩ আগস্ট প্রথম আলোয় ‘জাল দলিলে সরকারের আড়াই হাজার কোটি টাকা বেহাত’ শিরোনামে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।সরকার ১৯৫৭ সালে কড়াইল মৌজার ১১৬ একর জমি বিটিসিএলের অনুকূলে অধিগ্রহণ করে। কিন্তু গত বছরের ২ সেপ্টেম্বর জনৈক নাজমা বেগম ওরফে সাহেরা খাতুন জমির আদি মালিক ফজলুল করিমের ভুয়া স্ত্রী সেজে অধিগ্রহণ করা পৌনে সাত একর জমি (৫০১, ৫০২ ও ৫০৩ দাগ) পপুলার লাইফ ইনস্যুরেন্সের কাছে বিক্রি করে দেয়। নাজমা বেগম যে দলিলমূলে জমি বিক্রি করেন, সেটিও জাল বলে প্রমাণিত হয়েছে।এ বিষয়ে গত জুলাইয়ের শেষ সপ্তাহে আইন মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ৩ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়কে বলা হয়।