গুলশান-১ থেকে গুলশান-২ পর্যন্ত দুই কিলোমিটারের ২২টি স্থান পর্যবেক্ষণ করে
গুলশানের ফুটপাত পথচারীবান্ধব নয়

গুলশানে একেকটি ফুটপাতের উচ্চতা একেক রকম। যত্রতত্র রয়েছে বৈদ্যুতিক খুঁটি। এর মধ্যে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গাড়ি ঢোকার ঢালু পথ রয়েছে। এতে পথচারী ও দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। চলতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে৷
গতকাল শনিবার কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘গুলশান এলাকার উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ’ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পবা। সম্প্রতি গুলশান-১ থেকে গুলশান-২ পর্যন্ত দুই কিলোমিটার এলাকার ২২টি স্থান পর্যবেক্ষণ করে পবার একটি প্রতিনিধিদল। তাদের পর্যবেক্ষণের ভিত্তিতেই এই প্রতিবেদন তৈরি করা হয়৷
প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই এলাকার প্রতিটি ফুটপাত পথচারী-বান্ধব করে নির্মাণ করা হয়েছে৷ দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে৷ বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে উঁচু-নিচু ফুটপাত সংস্কার করা হচ্ছে৷ তবে ফুটপাত থেকে বৈদ্যুতিক খুঁটি সরানোর কোনো উপায় সিটি করপোরেশনের হাতে নেই৷ সেটা অন্য সংস্থার দায়িত্ব।
পবার এই প্রতিবেদনে বলা হয়, গুলশানের ওই ফুটপাতগুলোতে পথচারী ও বৃদ্ধদের বিশ্রামের জন্য বসার কোনো ব্যবস্থা নেই। একেকটি ফুটপাথের প্রশস্ততা একেক স্থানে একেক রকম। নিজের মতো করে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের ফুটপাত সংস্কার করা হচ্ছে। এ ছাড়া অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) পানি ও জেনারেটরের ধোঁয়া বের হওয়ার ব্যবস্থা ফুটপাথমুখী।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই এলাকার সড়কে কোনো জেব্রা ক্রসিং ও ফুটপাতে পানির ব্যবস্থা নেই৷ গলির সড়কগুলোতে অবৈধভাবে গড়ে উঠেছে চায়ের দোকান। কিছু ভবন সীমানা অতিক্রম করে ফুটপাতের জায়গাও দখল করে নিয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ঢাকা শহরে যুগের পর যুগ নানা অবকাঠামো উন্নয়ন হচ্ছে। এতে অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সুবিধা বিবেচনায় নেওয়া হয় না। ফলে সব উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা সর্বজনীন হয় না। এতে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে৷
বক্তারা আরও বলেন, ঢাকা শহরের অধিকাংশ মানুষকে নানা প্রয়োজন হেঁটে চলাচল করতে হয়। অথচ নগর-পরিকল্পনায় হাঁটাকে গুরুত্ব দেওয়া হয় না। এ ছাড়া নগর অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশনের জনবান্ধব পরিকল্পনা ও নজরদারির অভাব রয়েছে। এসব সমস্যা সমাধান করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে পবার চেয়ারম্যান আবু নাসের খান, সাধারণ সম্পাদক আবদুস সোবহান, আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম, স্থপতি শাহিন আজিজ, গবেষক এম এ ওয়াদুদ, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।