গুলি ও ছুরিকাঘাতে তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার রাজধানীতে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গৃহবধূ মাকসুদা বেগম (৩০) ও হার্ডওয়্যার ব্যবসায়ী মো. সবুজকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মাকসুদা বেগমের স্বামী মো. শাহীন বলেন, তাঁর স্ত্রী কদমতলী থানার মোহাম্মদবাগের স্থানীয় একটি স্কুল থেকে ছেলেকে আনতে যান। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলি তাঁর স্ত্রীর পায়ে লাগে।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) এ কে এম সুলতান মাহমুদ বলেন, দু-তিন দিন আগে মোহাম্মদবাগে সিএনজিচালিত একজন অটোরিকশার চালকের সঙ্গে অ্যাম্বুলেন্সের চালক রাজিবের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাজিব ওই অটোরিকশার চালকের বন্ধু আনোয়ারকে ছুরিকাঘাত করে। লোকজন রাজিবকে ধাওয়া দিলে সে গুলি ছোড়ে। ওই গুলি মাকসুদার পায়ে লাগে। এদিকে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে পাঁচ-ছয়জন সন্ত্রাসী পুরান ঢাকার ধোলাইখালের হার্ডওয়্যার ব্যবসায়ী সুবজকে তাঁর দোকানের পেছনে ডেকে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাঁর ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন সবুজ বলেন, কেন গুলি করা হয়েছে, তা তিনি জানেন না।