গুলি ও বোমা তৈরির উপকরণসহ সাতজন গ্রেপ্তার
রাজধানীর জুরাইন ও মহাখালী এলাকায় অভিযান চালিয়ে ১১টি গুলি ও বোমা তৈরির উপকরণসহ সাতজনকে আটক করেছে র্যাব। র্যাব সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে র্যাব-১০-এর একটি দল জুরাইনের মোমিনবাগে একটি টিনশেড বাড়িতে অভিযান চালায়। র্যাব সদস্যরা সেখান থেকে ককটেল তৈরির উপকরণ হিসেবে ১০০ গ্রাম সালফার, ৫০ গ্রাম গান পাউডার ও এক কেজি পাথরদানাসহ ছয়জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান (৩২), রফিকুল ইসলাম (২৬), মো. মোহসীন (৩০), আবদুস সাত্তার (৩২), আলিম মিয়া (২৫) ও জামাল হোসেন (২৫)। কদমতলী থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।র্যাব-১০-এর পরিচালক লে. কর্নেল ইমরান ইবনে আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘বোমা বানানোর সময় ছয়জনকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। উদ্ধার হওয়া উপকরণ দিয়ে অন্তত ৩০টি বোমা বানানো সম্ভব।’এদিকে গতকাল সকাল আটটার দিকে মহাখালীর সাততলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১১টি গুলি ও বোমা তৈরির বিস্ফোরকসহ একজনকে আটক করেছে র্যব-১-এর একটি দল।র্যাব-১-এর পরিচালক লে. কর্নেল কিসমত হায়াত জানান, আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।