গুলি করে চার লাখ টাকা ছিনতাই
রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে আবদুর রহমান খান ওরফে সুমন (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।জানা গেছে, বেলা পৌনে একটার দিকে সুমন ডাচ্বাংলা ব্যাংক শাহ আলী শাখা থেকে চার লাখ টাকা তুলে রিকশায় করে বাসায় ফিরছিলেন। রিকশাটি শাহ আলী এলাকায় তাঁর বাসার কাছে পৌঁছলে পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক রিকশার গতি রোধ করে। পরে যুবকেরা অস্ত্রের ভয় দেখিয়ে সুমনের হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ার কারণে তারা কয়েকটি গুলি ছোড়ে। দুটি গুলি সুমনের ডান পায়ে এবং একটি গুলি তাঁর বুকের ডানপাশে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ সুমনের শ্যালক ফারুক হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের জানান, সুমনের বাসা শাহ আলী থানার সি-ব্লকের পাঁচ নম্বর সড়কে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ব্যবসায়ী সুমন নতুন একটি ব্যবসা শুরুর জন্য ব্যাংক থেকে চার লাখ টাকা তোলেন। বাসায় পৌঁছার আগে তাঁর টাকা ছিনতাই হয়ে যায়। কেউ থানায় মামলা করেনি।