গুলি করে লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক ব্যক্তিকে গুলি করে এক লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল শনিবার সকালে মতিঝিলে এ ঘটনা ঘটে। গুলিতে আহত খোরশেদ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তির বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, খোরশেদ পোশাক কারখানায় বিভিন্ন সরঞ্জাম সরবরাহের ব্যবসা করেন। মতিঝিল শাপলা চত্বর এলাকায় তাঁর দোকান রয়েছে। থাকেন ফকিরাপুলে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনি ফকিরাপুলের বাসা থেকে এক লাখ ১৫ হাজার টাকা নিয়ে হেঁটে দোকানে যাচ্ছিলেন। টাকাগুলো একটি ব্যাগে ছিল। দৈনিক বাংলা মোড়ে নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছার পর মোটরসাইকেল আরোহী তিন যুবক তাঁর গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে যুবকদের একজন তাঁর ডান ঊরুতে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গতকাল মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।