গুলিস্তানে অবৈধ ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ডিএসসিসি

গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের সামনের ফুটপাতে অভিযান চালিয়ে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷ গতকাল সোমবার ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও মামুন সরদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়৷
সরেজমিনে দেখা যায়, গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা ট্রেড সেন্টারের (উত্তর) পাশে নির্মাণাধীন একটি মার্কেটের সামনের ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়৷ এ সময় গুলিস্তান-সদরঘাট সড়কের পূর্ব পাশে ঢাকা ট্রেড সেন্টার উত্তর ও ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণের সামনের প্রায় ৩০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়৷ তবে বুলডোজার দিয়ে দোকানপাট গুঁড়িয়ে দেওয়ার আগেই অধিকাংশ মালামাল সরিয়ে নেন দোকানিরা৷ এসব দোকানপাট পুরো ফুটপাত দখল করে নির্মাণ করা হয়েছিল৷ গুঁড়িয়ে দেওয়া এসব দোকানপাটে খুচরা কাপড়-চোপড় বিক্রি করা হতো৷
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, দোকানের কারণে ফুটপাতে পথচারীরা চলাচল করতে পারে না৷ পথচারীদের চলাচলের সুবিধার্থে পর্যায়ক্রমে গুলিস্তানের প্রতিটি ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হবে৷