গুলিস্তানে পুলিশের এসআইকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ছুরিকাঘাতে শাহবাগ থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন (৪৮) আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত নয়টার দিকে গোলাপ শাহ মাজার ও টিঅ্যান্ডটি অফিসের পাশের ফুটপাতে ঘটনাটি ঘটে।

আহত পুলিশ সদস্য জাহাঙ্গীর জানান, পুরান ঢাকার সিএমএম কোর্টে মামলাসংক্রান্ত কাজ শেষে বাসে ফিরছিলেন। তিনি গুলিস্তান গোলাপ শাহ মাজার এলাকায় বাস থেকে নামেন। হেঁটে এগোনোর সময় পেছন থেকে এক যুবক তাঁর পিঠে ছুরি মেরে পালিয়ে যান। যুবকটির পরনে জামা বা পায়ে জুতা ছিল না, শুধু লুঙ্গি ছিল।

হামলাকারী এই পুলিশ কর্মকর্তার কাছ থেকে টাকাপয়সা বা মুঠোফোন নেয়নি। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন আবু সাঈদ হাসান নামের এক পথচারী। হামলাকারী যুবকের বয়স ২০ থেকে ২৫ বছর হতে পারে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, যে যুবক তাঁকে ছুরিকাঘাত করেছে, সে পাগল বা নেশাগ্রস্ত বলে ধারণা করা হচ্ছে। কেন সে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বলা যাবে।