গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসা​য়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের সময় গুলিস্তান এলাকা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে হকারদের পণ্য। ফুটপাতে দোকান বসানো নিয়ে গতকাল দুপুরে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে l ছবি: প্রথম আলো
ব্যবসা​য়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের সময় গুলিস্তান এলাকা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে হকারদের পণ্য। ফুটপাতে দোকান বসানো নিয়ে গতকাল দুপুরে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে l ছবি: প্রথম আলো

গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের (দক্ষিণ) বারান্দা ও সামনের ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ব্যবসায়ীদের দাবি, অবৈধ হকারদের কারণে মার্কেটের পরিবেশ ও ব্যবসা নষ্ট হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় গুলিস্তান এলাকায় যানজট ও ফুটপাত পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তাঁরা চলে যাওয়ার কিছুক্ষণ পর ট্রেড সেন্টারের বারান্দা ও ফুটপাতে দোকান বসানো নিয়ে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গুলিস্তানের ফুটপাতগুলো দখলমুক্ত করতে কয়েক দিন আগে উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি ও ডিএমপি। গতকাল সেই ফুটপাত দেখতে যান সাঈদ খোকন ও আছাদুজ্জামান মিয়া। বেলা তিনটার দিকে তাঁরা চলে যাওয়ার পর ট্রেড সেন্টারের বারান্দা ও সড়কের ফুটপাতে আবার দোকান বসাতে শুরু করেন হকাররা। ব্যবসায়ীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিকেল পাঁচটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। এতে বায়তুল মোকাররম থেকে গুলিস্তান, নবাবপুর ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সংঘর্ষ থামার পর যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।

ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ী সোহেল রানা বলেন, মেয়র সাঈদ খোকন ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আসার আগে হকাররা মালামাল গুটিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু তাঁরা পরিদর্শন করে চলে যাওয়ার পর আবার হকাররা মালামাল নিয়ে বসেন। এতে মার্কেট কমিটির কয়েকজন সদস্য বাধা দিলে তাঁদের মারধর করা হয়। পরে সব ব্যবসায়ী জোট বেঁধে হকারদের ওপর চড়াও হন।
ঢাকা ট্রেড সেন্টার (দক্ষিণ) দোকান মালিক সমিতির সহসভাপতি আসলাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মার্কেটের বারান্দা ও সামনের ফুটপাত দখল করে রেখেছেন হকাররা। এতে মার্কেটের ভেতর ক্রেতাদের আসা-যাওয়া করতে সমস্যা হয়। মার্কেটের পরিবেশ ও ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হয়।
সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, ব্যবসায়ী ও হকারদের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে। ঘটনা তেমন বড় কিছু নয়। মারামারি বন্ধ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
গুলিস্তান পরিদর্শন: পরিদর্শনকালে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, বর্তমানে গুলিস্তান এলাকার রাস্তাঘাট হকারমুক্ত থাকায় নগরবাসী স্বস্তির সঙ্গে চলাফেরা ও কেনাকাটা করতে পারছেন। এই অবস্থা অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার প্রয়োজন। যেকোনো মূল্যে গুলিস্তান হকারমুক্ত রাখা হবে। এ ছাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে আরও বেশি সহযোগিতা করতে হবে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, রমজানের সাত দিন আগে থেকে নগর যানজটমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করছে পুলিশ প্রশাসন। যানজটকে সহনশীল মাত্রায় রাখা হবে। ঢাকা শহরকে আর কোনোভাবেই নোংরা করতে দেওয়া যাবে না।
পরিদর্শনকালে ডিএসসিসি ও ডিএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।