গুলিস্তানে হাঁটার জায়গাও নেই

গুলিস্তানের ফুটপাত দখলমুক্ত করা নিয়ে সংঘর্ষ, মামলা—সবই হয়েছে। কিন্তু পরিস্থিতি বদলায়নি। আবার ফুটপাতে বসেছে দোকান। আর মানুষ হাঁটছে সড়ক দিয়ে। এতে রাস্তায় যানজট হচ্ছে।
এ চিত্র রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের। এই এলাকাকে যানজট মুক্ত করতে এবং ফুটপাতে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গত ২৭ অক্টোবর উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ডিসিসি কর্মকর্তা-কর্মচারী ও উচ্ছেদের সমর্থক একদল যুবকের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষও হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ সময় ছাত্রলীগের দুই নেতাকে অস্ত্র হাতেও দেখা যায়। ওই দিনের অভিযানে গুলিস্তান এলাকা থেকে প্রায় ৪০০ দোকান উচ্ছেদ করে ডিএসসিসি কর্তৃপক্ষ। ফুটপাত দখলমুক্ত হয়। কিন্তু পরদিনই আবার পুরোনো রূপে ফিরতে শুরু করে গুলিস্তান।
উচ্ছেদের পর আবার হকারদের ফুটপাত দখল সম্পর্কে জানতে চাইলে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, ইতিমধ্যে পুলিশ ও হকারদের সঙ্গে কথা হয়েছে। পরবর্তী করণীয় নির্ধারণে আগামী সপ্তাহে একটি সভা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের ফুটপাত, ঢাকা ট্রেড সেন্টারের চারপাশ, গোলাপ শাহ মাজার, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে বসেছে কয়েক শ ভাসমান দোকান। ঢাকা ট্রেড সেন্টারের দক্ষিণ পাশের সড়কেরও অর্ধেকটা দখল করে আছে জুতা ও কাপড়ের ছোট ছোট দোকান।
উচ্ছেদের পর দোকান বসানো সম্পর্কে জানতে চাইলে একাধিক হকার বলেন, আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাঁদের সময় দিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ। জানুয়ারির পর এই এলাকায় কোনো হকার থাকবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আবদুল আহমদ নামের এক হকার বলেন, জানুয়ারির মধ্যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না হলে তাঁরা ফুটপাত ছাড়বেন না।
অক্টোবরের ওই উচ্ছেদ অভিযানে এসে সাঈদ খোকন বলেছিলেন, ‘ফুটপাতে দোকান বসবে না। ফুটপাত পথচারীদের জন্য। দোকানদারি করতে হলে তাদের হাঁটার রাস্তা ছাড়তে হবে। ফুটপাতের এক ইঞ্চি জায়গাও কাউকে ছাড় দেওয়া হবে না।’
কিন্তু বাস্তবে কয়েক ইঞ্চি জায়গা ছাড়া গোটা ফুটপাতই দখলে নিয়েছেন হকাররা। গতকাল দুপুরে ট্রেড সেন্টারের পশ্চিম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। তাঁর কোলে এক শিশু ও হাতে ব্যাগ। সড়ক পার হওয়ার সময় ফুটপাতে রাখা জুতার দোকানের সঙ্গে হোঁচট খেয়ে তিনি পড়ে যান। শিশুটিকে সামলে বিরক্তির সঙ্গে তিনি বলেন, ‘হাঁটনেরও জায়গা নাই, খালি দোকান আর দোকান, আমরা চলমু ক্যামনে।’
গুলিস্তান পাতাল মার্কেটের পাশের ফুটপাতেরও একই অবস্থা। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে গরম কাপড়, গেঞ্জি, প্যান্ট, ছোটদের খেলনা। সেখানকার এক হকার নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুধু ওই দিনই (২৭ অক্টোবর) নয়, এর আগেও বহুবার উচ্ছেদ অভিযান হয়েছে। কিন্তু কাজে আসেনি। হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে অভিযানে লাভ হবে না বলে তিনি জানান। এই হকার বলেন, ২৭ অক্টোবরের আগে গত রমজানের আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান হয়েছিল। কিন্তু ঘণ্টা দুয়েক পরই আবার আগের মতো দোকান বসিয়েছেন হকাররা।