মিরপুর ১৩ নম্বরের ন্যাম গার্ডেনে গৃহকর্মী মোসাম্মৎ জনিয়ার (১৫) মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ছাড়া গৃহকর্তা ও তাঁর ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রাতে যোগাযোগ করা হলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, জনিয়ার মৃত্যুর ঘটনায় সরকারি কর্মকর্তা আহসান হাবীব ও তাঁর ছেলে রুম্মান বিন আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার করা হবে।
গত রোববার ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টার এলাকায় জনিয়ার রহস্যজনক মৃত্যু হয়। ওই দিনই কাফরুল থানার পুলিশ ন্যাম গার্ডেনের এক তত্ত্বাবধায়ক ও তিন লিফট পরিচালনাকারীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। তাঁরা হলেন সিদ্দিকুর রহমান, এমদাদুল হক, রিয়াসুল হক ও সোহেল রানা। গত সোমবার পুলিশ তাঁদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত একজনের দুই দিন এবং বাকি তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার ছিল রিমান্ডের প্রথম দিন।
লাশ উদ্ধারের পর থেকেই জনিয়ার পরিবার থেকে এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে হচ্ছে। তাদের অভিযোগ, রোববার সকালে জনিয়া ন্যাম গার্ডেনে আহসান হাবিবের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়েছিল। তাঁর ছেলে ওই বাসায় জনিয়াকে ধর্ষণ করে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন।
গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, রিমান্ডে নেওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা যাবে না। গত রোববার থানায় করা অপমৃত্যুর মামলার সঙ্গে জনিয়ার বাবা উসমান গনির লিখিত হত্যার অভিযোগের তদন্ত চলছে। তিনি বলেন, রোববার লাশ শনাক্তের পরই ১০তলা ভবনের ছাদে গিয়ে জনিয়ার পায়ের এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, ছাদ থেকে পড়েই জনিয়ার মৃত্যু হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তে বেরিয়ে আসবে।
এদিকে জনিয়ার বাবা উসমান গনি গতকালও প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’