গৃহকর্মী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা এলাকায় এক গৃহকর্মী (২২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে সাইদুল (২৫) নামে এক যুবক মেয়েটিকে ধর্ষণ করেন। গতকাল মঙ্গলবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার এ ঘটনায় ওই গৃহকর্মী বাদী হয়ে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, গুলশানের এক বাসায় গৃহকর্মীর কাজ করতেন ওই তরুণী। দুই বছর আগে মোবাইল ফোনে সাইদুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে প্রায়ই মেয়েটিকে বিয়ের কথা বলতেন সাইদুল।
গত রোববার সন্ধ্যার দিকে বিয়ের কথা বলে গুলশানের বাসা থেকে ওই মেয়েকে নিয়ে যান তিনি। রাতে অজ্ঞাত ঠিকানার এক বাসায় নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন সাইদুল। পরদিন সকালে কাজী অফিসে যাওয়ার কথা বলে ভাটারার একটি সিএনজি স্টেশনে রেখে পালিয়ে যান ওই যুবক। সাইদুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) মেয়েটির চিকিৎসা চলছে।