রাজধানীর মালিবাগের এক বাসায় এক গৃহকর্মীকে নির্যাতন ও তার মাকে মারধরের ঘটনায় পুলিশ গৃহকর্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। নির্যাতিত গৃহকর্মী রহিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মা মাকসুদা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও সাংবাদিকদের মাকসুদা খাতুন বলেন, প্রায় ছয় মাস আগে তিনি রহিমাকে মালিবাগের আবুজর গিফারী কলেজের সামনের এক বাসায় কাজ করতে দেন। কয়েক দিন পর থেকে গৃহকর্ত্রী বিউটি বেগমসহ বাসার কয়েকজন চুরির অপবাদ দিয়ে প্রায়ই রহিমার ওপর শারীরিক নির্যাতন করতেন। বিষয়টি জানার পর তিনি গত শুক্রবার মেয়েকে নিতে ওই বাসায় যান। এ সময় বাসার লোকজন তাঁকেও মারধর করে তাড়িয়ে দেন। ঘটনাটি জানানোর পর র্যাব তাঁর মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, থানায় আনার পর মা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গৃহকর্ত্রীর ছেলে কাজী আক্তারুজ্জামান ও তাঁর বন্ধু শফিকুল ইসলামকে আটক করা হয়। পরদিন মাকসুদা থানায় গৃহকর্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা করার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। মামলার পর গৃহকর্ত্রীকেও গ্রেপ্তার করা হয়।