গৃহকর্মী ‘হারানোর’ ঘটনায় মামলা-হামলা, চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পূর্ব মনিপুরের একটি বাসা থেকে মিতু (১২) নামের এক গৃহকর্মী হারিয়ে গেছে। গৃহকর্তা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে মেয়েটির মা ওই পরিবারের বিরুদ্ধে গুম বা পাচারের অভিযোগে মামলা করেছেন।পূর্ব মনিপুর কাঁঠালতলার বাসিন্দা গৃহকর্তা রূপায়ন ঘোষ প্রথম আলোকে বলেন, মেয়েটি তাঁর বাসায় কাজ করত। সে খুলনার বড় বয়রা খ্রিষ্টানপাড়া কলোনি এলাকায় পরিবারের সঙ্গে থাকত। গত ১৯ জুন সকালে তাঁর মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে মেয়েটি আর ফিরে আসেনি। তিনি ওই দিনই এ ব্যাপারে মিরপুর মডেল থানায় জিডি (নম্বর-১৬৩৩) করেন এবং র‌্যাব-৪-কে জানান। সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা করে এলাকায় মাইকিং করেন এবং একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপনও দেওয়া হয়। গত ২ আগস্ট মেয়েটিকে গুম কিংবা পাচার করা হয়েছে বলে অভিযোগ এনে তার মা লিপি বেগম খুলনার খালিশপুর থানায় মামলা করেন।রূপায়ন অভিযোগ করেন, খুলনার একটি দুষ্কৃতকারী চক্রের প্ররোচনায় লিপি বেগম তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন। ওই চক্রটি তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করছে। এ বিষয়ে মিরপুর মডেল থানায় আরেকটি জিডি করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারের ভয়ে তিনিসহ মামলার আসামি তাঁর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও দুই শ্যালক পালিয়ে বেড়াচ্ছেন। রূপায়ন ঘোষ অভিযোগ করেছেন, লিপি বেগম ১২ জুলাই তাঁর স্বামী মো. আজিজ খান ও স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তাঁর খুলনার বড় বয়রা খ্রিষ্টানপাড়া কলোনির শ্বশুরবাড়িতে হামলা চালিয়ে তা দখলের চেষ্টা করেন। স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে আজিজ খানকে গ্রেপ্তার করলেও স্থানীয় লোকজনের অনুরোধে তিরস্কার করে ছেড়ে দেয়। পরে লিপি বেগম ও তাঁর লোকজন ফোনে টাকা চেয়ে হুমকি দেন। রূপায়ন অভিযোগ করেন, এর পর ৪ আগস্ট লিপি বেগমের ইন্ধনে তাঁর শ্বশুরবাড়ির বারান্দার গ্রিল কেটে নগদ টাকা, অলংকার ও ল্যাপটপসহ ১০ লাখ টাকার মালামাল চুরি করা হয়। এ নিয়ে খালিশপুর থানায় মামলাও হয়েছে। জানতে চাইলে লিপি বেগম প্রথম আলোকে বলেন, ‘তাঁরা (গৃহকর্তা) বলেছে, তোমার মেয়ে পালিয়ে গেছে। আসলে আমার মেয়েকে ওরা বেচে দিয়েছে।’মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার উপপরিদর্শক দেবব্রত রায় প্রথম আলোকে বলেন, ‘মেয়েটিকে না পাওয়া পর্যন্ত বিষয়টি স্পষ্ট হবে না। আমরা ঢাকার মিরপুর থানার সঙ্গে যোগাযোগ রাখছি।’