শ্রমকে মর্যাদা দিয়ে গৃহকর্মীদের দাস না ভাবলেই তাদের প্রতি অন্যায় আচরণ কমে আসবে। গৃহকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। গতকাল আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় বেসরকারি সংস্থা ঊষার আয়োজিত ‘গৃহকর্মীর মানসম্মত (ডিসেন্ট) কর্মপরিবেশ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি করেন। বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সোহরাব আলী খান। সভাপতিত্ব করেন হোসনে আরা খান। মতবিনিময়কালে সাংসদ মেহের আফরোজ বলেন, নারী গৃহকর্মীদের মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা কখনো কখনো এতই ভয়াবহ হয়ে যায় যে, সে সময়গুলোতে সরকার ও মানবাধিকারকর্মীরা অসহায় বোধ করেন। গৃহকর্মীদের যেসব বিষয়ে অধিকার থাকতে হবে বলে মনে করে সেগুলো হলো—মজুরি, বোনাস, বাসস্থান, নিয়োগপত্র ও পরিচয়পত্র, চিকিত্সাসেবা, বিশ্রামের অধিকার, বিনোদনের ব্যবস্থা। সরকারের তৈরি করা আচরণবিধি যেন কাগজে-কলমে না থেকে বাস্তবায়িত হয়, সেদিকেও সম্মিলিতভাবে দৃষ্টি দেওয়া দরকার বলে মত দেন তাঁরা। বিজ্ঞপ্তি।